রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্প নিয়ে পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্প নিয়ে পাঠচক্রের আসর করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৩১ ডিসেম্বর রাত ৯টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম গুগল মিটে অনুষ্ঠিত হয় ৬৯তম এই পাঠচক্র।

পাঠচক্র আলোচনায় বন্ধু মাসরুফা খাতুন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পে যৌতুকপ্রথার কুফল, নারী ব্যক্তিত্বের জাগরণ এবং প্রতিবাদী চেতনার জয় স্পষ্টভাবে উঠে এসেছে। গল্পে কল্যাণী ও তাঁর বাবা শম্ভুনাথ সেন যৌতুকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেন। অপর দিকে অনুপম চরিত্রের দুর্বলতা ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে কল্যাণীর প্রতিবাদী ও ব্যক্তিত্বময় রূপ ফুটে ওঠে।

মাসরুফা খাতুন বলেন, এই গল্পে লেখক নারীর আত্মসম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন ব্যক্তিসত্তার গুরুত্ব তুলে ধরেছেন। কল্যাণী সামাজিক রীতি, পণপ্রথা ও পুরুষতান্ত্রিক অহংকারের কাছে নিজেকে সমর্পণ না করে নিজের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মর্যাদাহানির কারণে সে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্কও প্রত্যাখ্যান করে।

পাঠপ্রতিক্রিয়ায় বন্ধু আরাফাত মিলেনিয়াম বলেন, গল্পটি দেখায়, প্রকৃত ভালোবাসা ও সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান ও মানবিক মূল্যবোধের ওপর। যখন এসব মূল্যবোধ নষ্ট হয়, তখন সম্পর্কও অর্থহীন হয়ে পড়ে। তাই অনুপমের অনুশোচনা সত্ত্বেও কল্যাণী তার কাছে চিরকাল ‘অপরিচিতা’ই থেকে যায়।

পাঠচক্রে আরও যুক্ত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, বন্ধু ফারাহ্ উলফাৎ রহমান, নাফিউল হাসান, জাহিদ হাসান, রামিজ আহমেদ, সাবরিন আখতার, মানসুরা খাতুনসহ অন্য সদস্যরা।