‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে কুমিল্লা বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ২০ জুন নগরের কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা রোপণ করেছেন বন্ধুসভার সদস্যরা।
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় এ উদ্যোগের। এ বিষয়ে বন্ধুসভার উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। গাছ পরিবেশের বন্ধু, মানুষের বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও যত্ন নিতে হবে। তাহলেই পরিবেশ সুন্দর ও বাসযোগ্য থাকবে।’
এমন উদ্যোগের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়েছে কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আজ আমাদের স্কুলে অনেক গাছ লাগানো হয়েছে। এর মধ্যে ফুল ও ফলের গাছও রয়েছে। আমরা নিয়মিত গাছগুলোর যত্ন নেব। ভবিষ্যতে এসব গাছে ফল ধরলে সবাই মিলে খাব।’
কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার বলেন, ‘আজ যেসব গাছ রোপণ করা হয়েছে, সেগুলোর খোঁজখবর রাখার চেষ্টা করবে বন্ধুরা। শিক্ষার্থীরাও গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ। বিভিন্ন জাতের উপকারী গাছ রোপণ করা হয়েছে। প্রতিষ্ঠান থেকেও গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক হানিফ মোছাব্বীর, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তাজ্বরীন সুলতানাসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা