আনন্দ, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে শিশুদের নিয়ে বসন্ত উৎসব করেছে জামালপুর বন্ধুসভা। ‘রমজানে শিশুর বসন্ত’ শিরোনামে ২০ ফেব্রুয়ারি সকালে পূর্ব বামুনপাড়ার সুহৃদ প্রাক্-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
ভোর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ শিশুদের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। খেলাধুলা, কবিতা আবৃত্তি ও সৃজনশীল কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। বন্ধুরা জানান, আনন্দের সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটানো এবং শিশুদের মধ্যে রমজানের নৈতিক ও মানবিক শিক্ষার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুন্দর মানসিক বিকাশ, নৈতিক চর্চা এবং সামাজিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। রমজানের এই পবিত্র সময়ে শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য আনন্দের।’
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে। শিশুদের সৃজনশীল ও নৈতিক বিকাশে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।’
সুহৃদ প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি নাসির বলেন, ‘শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অপর শিক্ষিকা রওশন বিপ্লবী বলেন, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং তাদের মনোবলকে আরও দৃঢ় করে।
উৎসবে খেলাধুলা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো ‘ক গ্রুপ’ থেকে (প্রাক্-প্রাথমিক ও প্রথম শ্রেণি) সোহাগ, পিয়াস ও জান্নাত; ‘খ গ্রুপ’ থেকে (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি) রিয়া, রুপালি ও সাজিয়া। একটি বিশেষ ইভেন্টে (পাখি উড়ে) বিজয়ী হয়েছে আলমিনা, আবির, সোহাগ ও জাহিদুর।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহমদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, কার্যনির্বাহী সদস্য শামীম মিয়া ও মহসিন হোসেন। এ ছাড়া অভিভাবক ও নতুন বন্ধুরা উপস্থিত ছিলেন।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা