সাত বছরের রেদওয়ান (ছদ্মনাম) বাবাকে হারিয়েছে জন্মের পরেই। সে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র। নতুন জামা পেয়ে আনন্দিত হয়ে বলে, ‘আব্বুকে কখনো দেখি নাই। আম্মু অন্যের বাড়িতে কাজ করেন। দুই ভাইবোনের পড়ালেখার খরচ দিতে কষ্ট হয়ে যায়। কোনো ঈদে মার্কেট করতে পারে, আবার কোনো ঈদে পারে না। আজ আমি ভীষণ খুশি।’
৯ বছর বয়সী আলভির (ছদ্মনাম) বাবা শহরে ইজিবাইক চালায়। সে বলে, ‘নতুন জামা ঈদের দিন গায় দ্যাবো।’
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রেদওয়ান ও আলভির মতো এমন ৪০ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দিয়েছে খুলনা বন্ধুসভা। ১০ মার্চ প্রথম আলো খুলনা অফিসের ছাদে এই উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।
বন্ধুসভার বন্ধুদের নিজেদের অর্থায়নে এ উপহার প্রদান করা হয়। পরে শিশুদের হাতে মেহেদি দিয়ে আলপনা এঁকে দেন খুলনা বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক মিতা মাহমুদ।
শিশুদের সঙ্গে এসেছিলেন অভিভাবকেরাও। সবার উদ্দেশে বন্ধুসভার উপদেষ্টা মোর্তজা আহম্মেদ বলেন, ‘প্রথম আলো সব সময় ভালোর পথে এগিয়ে থাকে। আপনাদের হাতে সামান্য উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের ভালো কাজ আমরা চলমান রাখব ইনশা আল্লাহ।’
সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘নিজেদের অর্থায়নে আজকের এ আয়োজন। বন্ধুসভার সব বন্ধুর প্রচেষ্টায় আমরা উপহার তুলে দিতে পারছি। শিশুদের মুখের হাসিতে আমাদের হৃদয় পুলকিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল, খুলনা বন্ধুসভার সহসভাপতি শেখ হাফিজুর রহমান ও গৌতম রায় দিপু, সাধারণ সম্পাদক ফারজানা যূথি, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, কার্যনির্বাহী সদস্য ফারিহা ঝিলামসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা