নিজ জেলাকে জানতে ‘সংক্ষিপ্ত দিনাজপুর’ বই নিয়ে পাঠচক্র

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বসন্তের ক্রান্তিলগ্নে, এক স্নিগ্ধ বিকেলে নিজেদের জেলা সম্পর্কে জানার আগ্রহ নিয়ে প্রথম আলো দিনাজপুর অফিসে একত্র হন কিছু তরুণ-তরুণী। আলোচনার বিষয় ছিল দিনাজপুরের জনপ্রিয় লেখক আসাদুজ্জামান রচিত বই ‘সংক্ষিপ্ত দিনাজপুর’। ১০ এপ্রিল অনুষ্ঠিত এ পাঠচক্রের আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা।

‘সংক্ষিপ্ত দিনাজপুর’ বইটিতে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এতে প্রাচীন দিনাজপুরের লোকসংস্কৃতি, মানুষের জীবনমান, সামাজিক কাঠামো, শিক্ষাব্যবস্থা ও ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি বইটিতে দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকার গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মকে নিজেদের জেলার ইতিহাস জানতে সাহায্য করবে।

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

বন্ধুরা বলেন, নিজের জেলা সম্পর্কে জানা এবং ইতিহাস-ঐতিহ্যকে উপলব্ধি করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন তরুণদের মধ্যে বই পাঠের আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। নিজেদের শেকড় সম্পর্কে জানা থাকলে তবেই দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখা সম্ভব।

আলোচনায় আরও বলা হয়, দিনাজপুর প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হলেও পুরো দেশের তুলনায় অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। তাই নিজেদের জেলাকে ভালোভাবে জানা, সম্ভাবনা ও সমস্যাগুলো অনুধাবন এবং উন্নয়নে কাজ করা সবার দায়িত্ব।

পাঠচক্রে উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন, সহসভাপতি কৃষ্ণপদ বর্মন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বইমেলা সম্পাদক শাহরিয়ার কবির, বন্ধু পৌষী, আসিফ, উৎস, শিলাসহ অন্য বন্ধুরা।

বইমেলা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা