একযোগে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনছবি: বন্ধুসভা

‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ ও একটি দেশকে ধ্বংস করে। মাদকের কারণে বাড়ছে অপরাধ, পারিবারিক অশান্তি, শিক্ষার অবনতি ও সামাজিক অবক্ষয়। আমাদের তরুণদের ভবিষ্যৎ রক্ষায় এখনই সবাইকে সচেতন হতে হবে।’

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন গোপালগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘আজ আমরা এখানে একত্র হয়েছি সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার নিয়ে।’

২৬ জুন বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। সহযোগিতায় ছিল গোপালগঞ্জ বন্ধুসভা। এতে শিক্ষক–শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বন্ধুসভার সদস্য ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘নেশা ছাড়ো দেশ গড়ো’, ‘মাদক কোনো ফ্যাশন নয়, এটি জীবনের বড় পরাজয়’, ‘মাদকমুক্ত সমাজ সুস্থ জীবনের স্বপ্ন’সহ মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গোলাম মোস্তফা বলেন, ‘মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। আসুন, আমরা সবাই শপথ করি—নিজে মাদক গ্রহণ করব না, অন্যকেও মাদক গ্রহণে উৎসাহিত করব না এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করব।’

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন।

গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সিকদার বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি; যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণদের নৈতিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও সামাজিক অস্থিরতা বাড়ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।’

আরও বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাকিব হোসেন। বক্তারা প্রথম আলো ট্রাস্ট ও গোপালগঞ্জ বন্ধুসভার এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

এ সময় বন্ধুসভার উপদেষ্টা সুরাইয়া ইয়াসমিন, সম্রাট হাজরা ও ইয়াছিন আরাফাত, সভাপতি ফারদুল্লাহ লস্কর, সাধারণ সম্পাদক শিউলি খানম, সহসভাপতি তালহা জুবায়েরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।