‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধনছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খুলনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন নানা শ্রেণি–পেশার মানুষ। খুলনা বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’ এবং ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’—এমন নানা বার্তাসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধন চলাকালে পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ কর্মসূচির প্রতি আগ্রহ প্রকাশ করেন। অনেকে ব্যানারের সামনে ছবি তুলে মাদকবিরোধী এ উদ্যোগের সঙ্গে সংহতি জানান। কর্মসূচি শেষে ভবিষ্যতেও সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুসভার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ফারজানা যুথী, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু ফারিহা ঝিলামসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা