লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হয়। পাঠক হিসেবে কোন ধরনের বই পছন্দ—এমন এক প্রশ্নের জবাবে সাংবাদিক, লেখক ও প্রযুক্তি বিশ্লেষক পল্লব মোহাইমেন বলেন, ‘লেখা পছন্দের একটা বিষয় হলো, এটা বয়সের সঙ্গে সঙ্গে বিবর্তন হয়। যেমন স্কুলে থাকতে বিজ্ঞানবিষয়ক বই পড়তাম বেশি। তারপর যখন একটু বড় হলাম, নবম–দশম শ্রেণিতে উঠলাম, তখন সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা সিরিজ, মাসুদ রানা সিরিজ পড়া শুরু করলাম। তারপর ঢাকায় যখন এলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদারসহ ভারতীয় লেখকদের বই পড়া শুরু করলাম। হুমায়ূন আহমেদের কথা অবশ্যই বলতে হয়, জাফর ইকবালেরও কিছু বই পড়েছি। এখন ক্ল্যাসিক বই ভালো লাগে, নন–ফিকশন বই ভালো লাগে। আবার আনিসুল হকের বইও আমরা পড়ি।’
লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছেন পল্লব মোহাইমেন। বলেন, ‘সাংবাদিক হলে যেটা হয়, লেখালেখি তো একটা পেশা, এটাই আমাদের রুটি–রুজি। সে জন্য লেখক হওয়াটা সহজ হয়। আমি মনে করি, আগে লেখক হতে হয়, তারপরে সাংবাদিক। আবার সাংবাদিকতায় লেখালেখি করতেই হয়। সে ক্ষেত্রে লেখক সত্তাই আগে, তারপর সাংবাদিকতাটা গড়ে ওঠে। পরে আবার লেখক সত্তায় ফিরে যাওয়া কোনো ব্যাপার না।’
অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের সপ্তম পর্বে অতিথি হিসেবে যুক্ত ছিলেন পল্লব মোহাইমেন। বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘প্রযুক্তির এই দিনে’। লাইভে বইটি নিয়ে কথা বলেন। পাশাপাশি আলোচনায় উঠে আসে নিজের লেখক হিসেবে বেড়ে ওঠা, সাংবাদিকতায় যুক্ত হওয়াসহ নানা কথা। বর্তমান প্রজন্মের মধ্যে যাঁরা লেখক হতে চান, তাঁদের জন্যও দিয়েছেন পরামর্শ।
বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ৪ মার্চ অনুষ্ঠিত ‘বন্ধুর বই’ লাইভের এই পর্বের সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম যুবরাজ।
‘প্রযুক্তির এই দিনে’ বইটিতে প্রযুক্তির ৩৬৬ দিনের ইতিহাস রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তারিখ ধরে ধরে প্রযুক্তির ইতিহাস। পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসও এটাতে আছে। বইটি বের করেছে প্রতিভাষা প্রকাশন, আর বইমেলায় পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনীর স্টলে, স্টল নম্বর ৯৫২–৯৫৪। অনলাইনে প্রথমা ডটকম ও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয় অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।
বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হচ্ছে। বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন।