রবীন্দ্রজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

রবীন্দ্রসংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ৮ মে বিকেলে স্থানীয় রাশেদা স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে বিশ্বকবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি কর্ণ বিশ্বাস, দপ্তর সম্পাদক নূরজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মোকারম বিল্লাহ, প্রচার সম্পাদক তারিক ইসলাম, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, মিলন প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দেববিন্দু ঘোষ বাপি। তিনি বলেন, ‘বাংলা ভাষাভাষীর গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে না জানলে বাংলার অনেক কিছু অজানা থেকে যায়। তাই বাংলা ভাষাভাষীর গুরুত্বে আনন্দময় রবীন্দ্রচর্চা।’ আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক আয়ুব আলী।
সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমানের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের পুরস্কার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই উপহার দেওয়া হয়।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা