‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। দীর্ঘ ৯ মাসের সংগ্রামে আমরা স্বাধীনতা এনেছি। তোমরাই গোলাপ, তোমরাই ফোটাবে গোলাপ। তোমাদের মেধা দিয়ে এ দেশকে গড়ে তুলবে।’
খুলনায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়। ৩০ মার্চ নগরীর প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠে এই অলিম্পিয়াডের আয়োজন করে খুলনা বন্ধুসভা।
মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণা করে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় বলেন, ‘একাত্তরের ২৪ এপ্রিল চক্রাখালীতে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। চক্রাখালী হাইস্কুলের সামনে কাজীবাছা নদীতে পাকিস্তানি দুটি গানবোট এসে ছিন্নভিন্ন করে গ্রামে নেমে পড়ে। চক্রাখালী, গল্লামারী, জলমা ইউনিয়নসহ কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। ১৯ তারিখ বাদামতলায় গণহত্যায় ২০ জন লোক মারা যায়। ২০ মে চুকনগর গণহত্যায় ২০ হাজার লোক মারা যায়।’
‘আমাদের সর্বশেষ যুদ্ধ হয় গল্লামারী বেতার কেন্দ্রে। ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে আমাদের সরাসরি যুদ্ধ হয়। ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় হলেও খুলনা ১৭ ডিসেম্বরে মুক্ত হয়,’ যোগ করেন নিরঞ্জন কুমার রায়।
প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সূত্রপাত। স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান সামাজিক, রাজনৈতিক, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে বঞ্চিত ছিল। এ বঞ্চনা থেকে মুক্তি পেতে এ দেশের সূর্যসন্তানেরা ঝাঁপিয়ে পড়েন। তবে দুঃখজনক হলো, স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতার শোষক ও ঘোষক নিয়ে বিতর্ক হচ্ছে। প্রথম আলোকে সাধুবাদ জানাই এ ধরনের আয়োজনের জন্য।’
খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘আমরা বইয়ে পড়েছি মুক্তিযোদ্ধাদের কথা; কিন্তু তাঁদের সঙ্গে আমাদের খুব কমই দেখা হয়েছে। আজ সেই মুক্তিযোদ্ধাদের স্নেহের পদতলে বসে কথা বলতে পারছি, এটি অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমরা ছিলাম একটি রাষ্ট্রের কাছে খেলার পুতুল, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারতাম না। শত বাধা পেরিয়ে বাংলা মায়ের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছে লাল-সবুজের পতাকা।’
খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আফজাল হোসাইন, তনুজা কবিরাজ, তাপসী মণ্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায়।
এর আগে ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে মারজান, দ্বিতীয় সুদীপ্ত সানা, তৃতীয় ফারোয়া রহমান, চতুর্থ আবদুর রহমান ও পঞ্চম হয়েছে আতিফা রহমান। তাদের হাতে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যুথি, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রাবন্তী কুণ্ডু, বন্ধু আবু হানিফা, জান্নাতারা জান্নাতসহ অনেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা