ঝালমুড়ির মুখরোচক স্বাদে শৈশবের নস্টালজিয়ায়
মাঘের শীতের বিকেল। প্রথম আলো চট্টগ্রাম অফিসের বন্ধুসভার কক্ষ। একদল বন্ধু গোল হয়ে বসে আছেন। আগেই বাজার থেকে কিনে আনা হয় মুড়ি, চানাচুর, টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতা, লেবু, পেঁয়াজ, শর্ষের তেল আর সঙ্গে মসলা। সবাই কাজে হাত লাগালেন। কেউ পেঁয়াজ কুচি করতে ব্যস্ত, কেউ কাটছেন কাঁচা মরিচ, ধনেপাতা ও টমেটো।
আর যাঁদের হাত ভেজাতে হয়নি, তাঁরা দুই দলে ভাগ হয়ে ব্যস্ত হন গানের কলি খেলায়। একজন একটি গান গাইলে, অন্য দলের আরেকজনকে সেই গানের শেষ শব্দ দিয়ে নতুন কোনো গান গাইতে হয়। এভাবেই চলতে থাকে গানের কলির যুদ্ধ। এরই ফাঁকে কাটাকুটি সেরে হাজির অপর পক্ষ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখানোর পর তাতে লেবুর রস ছিটিয়ে তৈরি করা হলো মুখরোচক ঝালমুড়ি, যা জিবে জল এনে দিতে বাধ্য। হার মানাবে অনেক সুস্বাদু খাবারকেও।
২ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার অফিসে এমনই আনন্দঘন মুহূর্তের অবতারণা হয়। বন্ধুরা আগেই পরিকল্পনা করেছিলেন অফিসে সবাই মিলে এক দিন ঝালমুড়ি খাবেন। খেতে খেতে সবাই আড্ডা দেবেন, সঙ্গে থাকবে গান। ‘ঝালমুড়ি উৎসব’ শিরোনামে সেই পরিকল্পনারই বাস্তবায়ন হলো এদিন।
ঝালমুড়ি খেতে খেতে বন্ধুরা শোনান শৈশবের গল্প। গাড়িভাড়া থেকে টাকা বাঁচিয়ে স্কুল ছুটিতে কিংবা টিফিনের ফাঁকে ঝালমুড়ি কিনে খেতেন বন্ধু সাকিব জিশান। বন্ধু সাইনুর আখতার বিস্ময় প্রকাশ করে বললেন, ‘এভাবে আয়োজন করে জীবনে আগে কখনো ঝালমুড়ি খাইনি! তাই কৌতূহলী হয়ে এখানে আসার লোভ সামলাতে পারলাম না।’
‘ছোটবেলায় এই ঝালমুড়ি খেতে গিয়ে কত মার খেয়েছি বাসায়। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এখন আর মায়ের বকা শুনতে হয় না’, স্মৃতিচারণা করেন বন্ধু জান্নাতুল ফেরদৌস। সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদ শোনান টিফিনের ফাঁকে হাইস্কুলজীবনে বন্ধুদের থেকে লুকিয়ে ঝালমুড়ি কেনার কথা। এভাবেই বন্ধুরা ফিরে যান শৈশবের সেই হারানো নস্টালজিয়ায়।
শৈশবের সেই দিনগুলো এখন আর নেই। আগের মতো সময় হয়ে ওঠে না জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করার। সবাই ব্যতিব্যস্ত যাঁর যাঁর দৈনন্দিন জীবন নিয়ে। চাকরিসূত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ে একেকজন একেক গন্তব্যের পথিক। তবে সবাইকে একই পাত্রে নিয়ে আসে বন্ধুসভা। নানা আয়োজনের মাধ্যমে মাতিয়ে রাখে সারা বছর, বারবার ফিরিয়ে নিয়ে যায় তারুণ্যের দিকে, শৈশবের সেই হারানো দিনগুলোর দিকে। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য চট্টগ্রাম বন্ধুসভাকে ধন্যবাদ জানান উপদেষ্টা শিহাব জিশান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইব্রাহিম তানভীর, সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, প্রচার সম্পাদক সাকিব জিশান, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, বন্ধু আশরাফুর রহমান, মারুফউল হক ও রিমুল মিয়াজী।
বইমেলা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা