লালমনিরহাট সদরের দুর্গম চর হরিণচওড়া মাঝেরচরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গত মার্চ মাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করেছিল রংপুর বন্ধুসভা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১১ মে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় বন্ধুসভার উদ্যোগে আলোর পাঠশালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে আলোর পাঠশালার শিশুদের ক্লাস নেন বন্ধুসভার বন্ধু সাদিয়া সূচি ও মীম শিকদার। পরে স্থানীয় অভিভাবক ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, মোট ১৩টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থী ও অভিভাবককে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিশুদের পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
হরিণচওড়া মাঝেরচরের বাসিন্দা ও আলোর পাঠশালার এক শিক্ষার্থীর অভিভাবক মুশফিকুল ইসলাম বলেন, ‘আমি ও আমার ছেলে দুইজনই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। দুইজনই বিজয়ী হয়েছি। আমরা খুবই খুশি। আগে ছেলেটা পড়া বাদ দিয়েছিল, স্কুলে যেত না। এখনে স্কুল হয়ে অনেক ভালো হয়েছে। ছেলেমেয়েরা পড়া শিখতে পারছে।’
আরেক অভিভাবক রোজিনা বেগম বলেন, ‘ছেলে পুরস্কার পাওয়াতে আমি খুশি। ছেলেও অনেক খুশি হয়েছে। এভাবে মাঝেমধ্যে খেলার আয়োজন করলে বাচ্চারা স্কুলে আসার আরও আগ্রহ পাবে।’
আলোচনা সভায় আলোর পাঠশালার স্থানীয় শিক্ষক ও বন্ধুসভার বন্ধু মোরশেদুল ইসলাম বলেন, ‘বাচ্চারা আগের থেকে অনেক কিছু শিখছে। ওরা যদি ঠিকভাবে পড়ালেখা শিখতে পারে, তবে ওরাই একদিন চরে আলো আনবে। আমাদের স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, স্থায়ী অবকাঠামোসহ অনেক সংকট রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে পারলেই আমাদের চরের মান উন্নয়ন সম্ভব।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি মামুন হোসাইন, অর্থ সম্পাদক মীম শিকদার, কার্যনির্বাহী সদস্য মোরশেদুল ইসলাম, বন্ধু সাদিয়া সূচি, আমজাদুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা