স্বাধীনতা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শামসুর রাহমানের লেখা ‘স্বাধীনতা তুমি’ কবিতা নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৬ মার্চ ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

সঞ্চালনার শুরুতেই পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বন্ধুদের শুভেচ্ছা জানান এবং স্বাধীনতার বীর শহীদদের স্মরণ করেন। কবিতাটি আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন।

প্রচার সম্পাদক ইসনাইন কবিতাটির অন্যতম একটি লাইন ব্যক্ত করে বলেন, প্রকৃতির মাঝে বাধাহীনভাবে নিজের মতো বাঁচার আনন্দই হলো সত্যিকারের স্বাধীনতা।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, স্বাধীনতার মূল্য বুঝে দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি দায়িত্বশীল থাকলেই তা রক্ষা করা যায়।

সভাপতি জাহিদ হাসান বলেন, স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক মুক্তি নয়, মানুষের জীবনের প্রতিটি সহজ, স্বাভাবিক ও আনন্দময় মুহূর্ত। প্রকৃতি, মানুষ আর দৈনন্দিন জীবনের ছোট ছোট সুখের মধ্যেই সত্যিকারের স্বাধীনতার সৌন্দর্য ফুটে ওঠে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহসিনা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন প্রমুখ।

প্রচার সম্পাদক, ববি বন্ধুসভা