সারা দেশে বন্ধুসভার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর দশম কার্যনির্বাহী সভা।

প্রথম আলো বন্ধুসভার ২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশের স্থানীয় বন্ধুসভাগুলো ১২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নতুন কমিটি জাতীয় পর্ষদে পাঠাতে পারবে। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭-এর দশম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। রাত আটটায় গুগল মিট অ্যাপে শুরু হয়ে সভা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

সভাপতি জাফর সাদিকের সম্মতিক্রমে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। শুরুতেই তিনি সভার এজেন্ডা সবার সামনে তুলে ধরেন। এরপর সভাপতি জাফর সাদিক সভার সূচনা করেন। পরে আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়।

সভার শুরুতে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-এর মূল্যায়ন, হিসাব ও পর্যালোচনা হয়। অনুষ্ঠানের সাফল্য নিয়ে জাফর সাদিক বলেন, ‘অংশগ্রহণকারীদের যত লেখাই পড়েছি, সবাইকে অনুষ্ঠান নিয়ে খুবই খুশি মনে হয়েছে। আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানই প্রমাণ করে, বন্ধুসভা একক কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্ধুসভা এগিয়ে চলে।’

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন উপদেষ্টা আশিকুজ্জামান অভি ও যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী। সায়মন চৌধুরী বলেন, তাঁদের ওপর বিশ্বাস রাখার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞ। এ সময় তিনি আয়োজনের অভিজ্ঞতাও তুলে ধরেন।
সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও রুবাইয়াত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমানও নিজেদের অনুভূতি জানান।
অনুষ্ঠানের মোট আয়-ব্যয়ের হিসাব বিস্তারিত তুলে ধরেন অর্থ সম্পাদক শাকিব হাসান।

এরপর আলোচনা হয় ২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠন নিয়ে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কমিটি পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৬। এ প্রক্রিয়ার মূল সমন্বয়ক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান।

বিভাগীয় সমন্বয়কের দায়িত্বে থাকছেন ঢাকা বিভাগ (জেলা) আশফাকুর রহমান, ঢাকা বিভাগ (শিক্ষাপ্রতিষ্ঠান) নাঈমা সুলতানা, চট্টগ্রাম বিভাগে নাফিউর নূর, রাজশাহী বিভাগে আশিকুজ্জামান অভি, খুলনা বিভাগে হুসাইন আল মামুন, সিলেট বিভাগে আলাদিন আল আসাদ, বরিশাল বিভাগে আবরার জাহিন, ময়মনসিংহ বিভাগে শাহরিয়ার নাজিম সীমান্ত ও রংপুর বিভাগে মাহাফুজার রহমান।
প্রতিটি বিভাগীয় সমন্বয়কের সঙ্গে সহযোগী হিসেবে ঢাকা মহানগর বন্ধুসভা থেকে একজন করে দায়িত্ব দেওয়া হবে।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর দশম কার্যনির্বাহী সভা।

এ ছাড়া সভায় আসন্ন মহান বিজয় দিবস উদ্‌যাপন, ‘আইডিয়াথন বাংলাদেশ’ আয়োজনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আগামী বছরের শেষে সপ্তম জাতীয় বন্ধু সমাবশে ২০২৭ আয়োজনের ব্যাপারেও সবাইকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে বলেন সভাপতি জাফর সাদিক।

শেষে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরীকে জাতীয় পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সভায় যুক্ত ছিলেন জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী ও নূর ই আলম, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, সামছুদ্দোহা সাফায়াত ও সায়মন চৌধুরী, অর্থ সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুসাইন আল মামুন, কার্যনির্বাহী সদস্য তাপসী রায়, নাঈমা সুলতানা, শাহরিয়ার নাজিম সীমান্ত ও আবরার জাহিন এবং কনটেন্ট কো-অর্ডিনেটর তাহসিন আহমেদ।