শুরু হলো অনারের সৌজন্যে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুম

বন্ধুসভার ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুমের প্রথম পর্বছবি: বন্ধুসভা

আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয়েছে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।

আজ প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন লেখক বন্ধু সাব্বির আহমেদ। বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর রচিত বই ‘করোনালিপি’। সঞ্চালক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।

গাজীপুর বন্ধুসভার বন্ধু সাব্বির আহমেদের লেখা ‘করোনালিপি’ বইটিতে উঠে এসেছে করোনাকালীন ২০২০ ও ২০২১ সালের অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবী কাজ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রত্যক্ষ বাস্তবতা। সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে এক অনন্য সময়-দলিল। ধ্রুব এষের প্রচ্ছদে,  সহজ প্রকাশনীর প্রকাশনায় এসেছে বইটি। সম্পাদনা করেছেন বাংলা একাডেমির মোজাফ্ফর হোসেন এবং ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ।

বন্ধুসভার ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুমের প্রথম পর্ব।

লকডাউনের প্রথম ধাক্কায় যখন চারদিকে অনিশ্চয়তা আর আতঙ্ক, তখন সম্পূর্ণ নিজ উদ্যোগে, টিউশনের জমানো অর্থ দিয়ে নিজ জেলা মেহেরপুরের মানুষের পাশে দাঁড়ান লেখক সাব্বির আহমেদ। খাদ্যসহায়তা, ওষুধ পৌঁছে দেওয়া, জরুরি সেবার সমন্বয়—এভাবে টানা ১২০ দিনের বেশি সময় তিনি এবং সচেতন নাগরিকদের একটি দল কাজ করে নিরলসভাবে। এই সময়ের প্রতিটি দিন তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন। সেই ডায়েরির পাতায় জমে থাকা ছোট ছোট বাস্তব গল্প, সংগ্রাম, মানবিকতা ও দায়বদ্ধতার কাহিনিই আজ গ্রন্থরূপ পেয়েছে।

বন্ধুর বই অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী। আজ প্রথম পর্বে কারিগরি সহায়তায় ছিলেন বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট সহযোগী তাহসিন আহমেদ, লাইভ সমন্বয় করেন জাতীয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক শাকিব হাসান এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম।

বন্ধুসভার ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুমের প্রথম পর্ব।

বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।

বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি, বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।

সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]

বইয়ের সব তথ্য দিয়ে লিঙ্কে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।