সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করায় জোর

আন্তর্জাতিক নারী দিবসে কক্সবাজার বন্ধুসভার উন্মুক্ত আলোচনা সভাছবি: বন্ধুসভা

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসে উন্মুক্ত আলোচনা সভা করেছে কক্সবাজার বন্ধুসভা। ৮ মার্চ জেলা শহরে অনুষ্ঠিত এই সভায় নারী অধিকার, মর্যাদা ও সমতা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বৈষম্যহীন নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকার সঞ্চালনায় সভায় সহসভাপতি কুলচুমা ইয়াসমিন বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন। সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতি আবদুল নবী বলেন, ‘নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। এ ধরনের আয়োজন নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

আলোচনায় অংশ নেওয়া সদস্যরা নারীদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস স্মরণ এবং ভবিষ্যতে আরও সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা, প্রচার সম্পাদক ইশরাফ উদ্দিন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাদিয়া রেশমি, প্রশিক্ষণ সম্পাদক মুজিবুল হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুবিনুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাহিম ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাবিত জুবাইর এবং বন্ধু নাবেদুল হক।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা