হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা। ১৫ নভেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জনপ্রিয় চরিত্র, লেখার বিষয়বস্তু ও বিভিন্ন উক্তি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি উঠে আসে তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সমালোচনা।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়। সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও রেখেছেন অসামান্য অবদান। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘আগুনের পরশমণি’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ তাঁর উল্লেখযোগ্য কাজ। ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্টিকর্ম আজও পাঠক ও দর্শকের মনে জীবন্ত।

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

সাধারণ সম্পাদক আল-আমিন শেখ বলেন, ‘মিসির আলী চরিত্র আমাদের যুক্তিনির্ভর চিন্তা করতে শেখায়। অন্যদিকে হিমু চরিত্রের প্রতি আকর্ষণ থাকলেও বাস্তব জীবনে কোনো চরিত্রকে অন্ধভাবে অনুকরণ করা উচিত নয়; বরং সাহিত্য থেকে ভালো দিকগুলো গ্রহণ করে নিজের চিন্তাভাবনা গড়ে তোলা প্রয়োজন।’

পাঠচক্রে বন্ধুরা হুমায়ূন আহমেদের বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে নিজেদের মতামত ও দ্বিমত তুলে ধরেন। কেউ তাঁর সহজ-সরল ভাষা ও চরিত্র সৃষ্টির প্রশংসা করেন, আবার কেউ গল্পের উপস্থাপন ও চরিত্রের জীবনদর্শন নিয়ে ভিন্নমত প্রকাশ করেন। বিশেষ করে হিমু ও মিসির আলী চরিত্রের চিন্তাভাবনা, জীবনবোধ ও বাস্তব জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা হয়। মত ও দ্বিমতের মধ্য দিয়ে পাঠচক্রটি হয়ে ওঠে প্রাণবন্ত ও চিন্তাশীল।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আহনাফ শাহরিয়ার, বন্ধু কাউসার, রৌদ্র, শাওন, দিগন্তসহ সংগঠনের অন্য সদস্যরা।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা