জীবনের অর্থ পেতে নিজের ইচ্ছা ও লক্ষ্য অনুসরণ করা জরুরি

শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

‘দ্য আলকেমিস্ট’ ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো রচিত একটি অনুপ্রেরণামূলক উপন্যাস, যা স্বপ্ন, আত্মানুসন্ধান ও জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার কাহিনি নিয়ে আবর্তিত। এ বইয়ের মূল চরিত্র সান্তিয়াগো, এক স্পেনীয় মেষপালক, যার হৃদয়ে পুষে রাখা এক মহাকাব্যিক স্বপ্ন তাকে সমৃদ্ধির সন্ধানে নিয়ে যায়।

ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো রচিত ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ২৮ নভেম্বর বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রথম তলায় এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি শাফিনুর ইসলামের সঞ্চালনায় ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাস নিয়ে আলোচনায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়ারমিন আক্তার বলেন, ‘বইটির কেন্দ্রবিন্দুতে আছে সান্তিয়াগো নামের এক যুবক, যে আন্দালুসিয়ায় মেষ পালন করে। এক রাতে সে একই স্বপ্ন বারবার দেখে, যেখানে সে পিরামিডের কাছে বিশাল ধনসম্পদ খুঁজে পায়। স্বপ্নের এই রহস্যময় নির্দেশনা অনুসরণ করতে সে যাত্রা শুরু করে, যেখানে তাকে অনেক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়।

‘সান্তিয়াগো যাত্রাপথে বেশ কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের মধ্যে আছে মেলচিজেদেক নামের এক রাজা, যিনি তাকে তার ব্যক্তিগত যাত্রা অনুসন্ধান করতে বলেন। মেলচিজেদেক তাকে পরামর্শ দেন, জীবনের সর্বোত্তম উদ্দেশ্য হলো নিজের স্বপ্ন ও লক্ষ্যকে উপলব্ধি করা এবং সেই পথে অগ্রসর হওয়া।

‘পথে সান্তিয়াগো আরও পরিচিত হয় এক ইংরেজ আলকেমিস্টের সঙ্গে, যিনি রসায়নের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন। আলকেমিস্ট তাকে শেখান যে প্রকৃত ধনসম্পদ বা স্বর্ণ শুধু বাহ্যিক বস্তু নয়, বরং জীবনের গভীর অর্থে লুকিয়ে থাকা অভিজ্ঞতা ও আত্ম-অন্বেষণের ফল।’

আত্ম-অন্বেষণের যাত্রা ও ব্যক্তিগত যাত্রার ধারণা
সান্তিয়াগোর এই যাত্রা আসলে প্রত্যেক মানুষের জীবনের এক প্রতীকী উপমা। আমাদের প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে, যা বাস্তবায়নের পথে কঠিন বাধার সম্মুখীন হয়। তবে ‘দ্য আলকেমিস্ট’ আমাদের শেখায় যে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে হলে নিজের অন্তর্নিহিত ইচ্ছা ও লক্ষ্যকে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওলো কোয়েলহো বলেন, ‘যখন আমরা নিজেদের সত্যিকারের লক্ষ্য খুঁজে বের করি, তখন গোটা মহাবিশ্ব আমাদের সাহায্য করতে এগিয়ে আসে।’

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন বন্ধু শাফিনুর ইসলাম, ইয়ারমিন আক্তার, মৃদুল রাজবংশী, জান্নাতুল ফেরদৌসী, তৌহিদুল ইসলামসহ অন্য বন্ধুরা।

বন্ধু, শাবিপ্রবি বন্ধুসভা