‘প্রকাশ্যে নয়, মানবসেবা চলুক রাতের আঁধারে; আনন্দ ভাগাভাগি হোক সবার সাথে’ স্লোগানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৬ মার্চ রাতে বন্ধুসভার সদস্যরা গোপালগঞ্জের গোবরা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল—প্রচার নয়, বরং প্রকৃত অর্থে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। রাতের আঁধারে এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপকারভোগীদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মানবসেবার প্রকৃত চেতনাকে ধারণ করার চেষ্টা করেছেন বন্ধুসভার সদস্যরা।
উপহারসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি ঈদ সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক। খাদ্য ও পোশাক—দুটোই পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে পেরেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উপস্থিত ছিলেন উপদেষ্টা সালমান হোসেন। তাঁর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়। বন্ধুরা বলেন, ‘মানবসেবা তখনই সবচেয়ে সুন্দর হয়, যখন তা নির্লোভ ও নিরাভরণ হয়। আমরা চাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষরাও এমন উদ্যোগে এগিয়ে আসুক, যাতে সমাজের প্রত্যেক মানুষ ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারে।’
সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা