সম্পর্কের জটিলতায় ‘শাপমোচন’

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত উপন্যাস ‘শাপমোচন’ প্রেম, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, ত্যাগ, ভুল বোঝাবুঝি এবং মানুষের জীবনে আবেগের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত। এর কাহিনিতে মানুষের সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার শক্তি অত্যন্ত আবেগঘনভাবে ফুটে উঠেছে।

২ অক্টোবর ‘শাপমোচন’ উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির কাহিনি, চরিত্র, প্রেম, সম্পর্ক এবং লেখকের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‘শাপমোচন’–এ মানুষের জীবনের নানা আবেগ ও সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। ভালোবাসার সঙ্গে যেমন রয়েছে আনন্দ, তেমনি রয়েছে কষ্ট, অপেক্ষা, অভিমান ও ত্যাগ। মানুষের জীবনে কখনো কখনো ভুল বোঝাবুঝি ও পরিস্থিতির কারণে প্রিয় মানুষগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা ও মানবিকতার শক্তি সেই দূরত্বকে অতিক্রম করার পথও তৈরি করে।

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর।

উপন্যাসটির অন্যতম আকর্ষণ হলো চরিত্রগুলোর আবেগ ও মানসিক দ্বন্দ্ব। চরিত্রগুলো শুধু কাহিনিকে এগিয়ে নেয় না; বরং তাদের অনুভূতি, সিদ্ধান্ত, ভুল এবং উপলব্ধির মধ্য দিয়ে পাঠক মানুষের সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে ভাবার সুযোগ পায়।

বন্ধু আহসান উল্লাহ খান বলেন, ‘“শাপমোচন” শুধু একটি প্রেমের গল্প নয়; এটি মানুষের আবেগ, সম্পর্ক ও জীবনের নানা বাস্তবতার গল্প। ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস, ত্যাগ, ক্ষমা এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব বইটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক।’

বন্ধু আজিজুল হাকিম বলেন, ‘“শাপমোচন” শব্দের অর্থ হলো অভিশাপ থেকে মুক্তি পাওয়া। উপন্যাসের ঘটনাপ্রবাহের সঙ্গে এই নামের একটি গভীর সম্পর্ক রয়েছে। জীবনের দুঃখ, ভুল, অভিমান ও প্রতিকূলতা অতিক্রম করে যখন মানুষ ভালোবাসা ও সত্যের কাছে ফিরে আসে, তখন সেই ফিরে আসাকে এক অর্থে শাপমোচনের সঙ্গে তুলনা করা যায়।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু গায়ত্রী বর্মণ, সমরজিত হালদার, অলখ সরকার, সাজন বিশ্বাস, নয়ন হাজরা, ঐশ্বর্য্য রায় ও সুমাইয়া ফারিহাসহ অনেকে।

বন্ধু, সিলেট বন্ধুসভা