শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায় শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

আলেকজান্দ্রে ডুমাসের ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’ বই নিয়ে পাঠচক্র করে শাবিপ্রবি বন্ধুসভা। ৬ ফেব্রুয়ারি বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি সাবিনা আক্তারের সঞ্চালনায় বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, গল্পের নায়ক এডমন্ড দান্তেস একজন তরুণ নাবিক। ১৮১৫ সালে সে জীবনে সফল হওয়ার দ্বারপ্রান্তে ছিল। নতুন ক্যাপ্টেন হওয়ার সুযোগ পায় এবং তার প্রেমিকা মার্সিডিসকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু তার সহকর্মী ও শত্রুরা ষড়যন্ত্র করে তাকে রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে ফাঁসায়। ফলে তাকে শ্যাটো দ’ইফ নামের দ্বীপ কারাগারে পাঠানো হয়।

শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

কারাগারে সে অ্যাবে ফারিয়া নামের এক বন্দীর সঙ্গে পরিচিত হয়, যিনি তাকে শিক্ষা দেন এবং মন্টে ক্রিস্টো দ্বীপে লুকানো বিশাল গুপ্তধনের কথা জানান। পরে দান্তেস পালিয়ে যায় এবং সেই গুপ্তধন খুঁজে পেয়ে ধনী ও শক্তিশালী মানুষে পরিণত হয়। বছর কয়েক পর সে নিজের পরিচয় লুকিয়ে ‘কাউন্ট অব মন্টে ক্রিস্টো’ নামে সমাজে ফিরে আসে। তখন সে ধীরে ধীরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা লোকদের—ড্যাংলার, ফার্নান্ড, ও ভিলফোরকে বিভিন্নভাবে ধ্বংস করে প্রতিশোধ নেয়।

প্রতিশোধ নেওয়ার পর দান্তেস বুঝতে পারে যে প্রতিশোধ সব সময় সুখ দেয় না। গল্পটি শেষ হয় ন্যায়, ক্ষমা, ভালোবাসা এবং জীবনের অর্থ নিয়ে গভীর বার্তা দিয়ে।

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন বন্ধু মৃদুল রাজবংশী, সাবিনা আক্তার, ইয়ারমিন আক্তার, মোস্তাকিম বিল্লাহ, মাইশা আক্তার, চুমকি, সোমা, জনি জান্নাত, তৌহিদুল ইসলাম, দূর্জয় বাড়ৈসহ অন্য বন্ধুরা।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, শাবিপ্রবি বন্ধুসভা