বৃষ্টিভেজা দিনে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন ড্যাফোডিল বন্ধুসভার

অনুষ্ঠান শেষে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

দেশ ও মানুষের কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা। ২০ নভেম্বর আশুলিয়া মডেল টাউনে এটি অনুষ্ঠিত হয়। একই দিন ‘একদিন দল বেঁধে কজনে’ শিরোনামে অনুষ্ঠিত হয় ড্যাফোডিল বন্ধুসভার চড়ুইভাতি।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি ২০২৬ সালে সারা দেশের বন্ধুসভাগুলোর মধ্যে ‘বর্ষসেরা ১০’ ও ‘বৃক্ষরোপণে সেরা ১০’-এ স্থান পাওয়ার গৌরবময় অর্জনও এ আয়োজনে উদ্‌যাপন করেন বন্ধুরা।

ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানের দিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। শুরু হয় ঝিরিঝিরি ও থেমে থেমে বৃষ্টি। তবে প্রকৃতির এই বৈরী আবহাওয়াও দমাতে পারেনি বন্ধুদের উচ্ছ্বাস ও উদ্দীপনাকে। দিনভর বৃষ্টির প্রতিবন্ধকতা উপেক্ষা করেই অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন। অনুষ্ঠান পরিকল্পনা, সাজসজ্জা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার নবীন বন্ধুরা। তাঁদের সৃজনশীলতা, অক্লান্ত পরিশ্রম ও চমৎকার সমন্বয়ে প্রতিটি পর্ব হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে যোগ দেন বন্ধুসভার অ্যালামনাইরাও।

গান পরিবেশনা
ছবি: বন্ধুসভা

আলোচনা ও স্মৃতিচারণা পর্বে বন্ধুরা বলেন, প্রথম আলো প্রতিষ্ঠালগ্ন থেকেই ইতিবাচক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে, আর বন্ধুসভা সেই স্বপ্নের সারথি হয়ে মানবিক ও পরিবেশবান্ধব কাজ করে চলেছে। ২০২৬ সালে বর্ষসেরা দশ ও বৃক্ষরোপণে সেরা দশের স্বীকৃতি ড্যাফোডিল বন্ধুসভার সেই নিরলস প্রচেষ্টারই ফসল।

কবিতা আবৃত্তি
ছবি: বন্ধুসভা

আলোচনা ও দুপুরের প্রীতিভোজের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। বৃষ্টির রিমঝিম শব্দের সঙ্গে তাল মিলিয়ে বন্ধুদের পরিবেশনায় জমে ওঠে নাচ ও গানের আসর। একক ও দলীয় সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজন করা হয় আকর্ষণীয় র‍্যাফল ড্র। র‍্যাফল ড্রর পুরস্কার বিতরণ ঘিরে বন্ধুদের মধ্যে তৈরি হয় বাড়তি উত্তেজনা ও আনন্দ।

ম্যাগাজিন সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা