মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্প করেছে দয়ালনগর বন্ধুসভা। বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ২৬ মার্চ পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট (স্কিলস একাডেমি বিডি পাবনা) এলাকায় দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে এলাকার অসচ্ছল মানুষের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে চক্ষুচিকিৎসার ব্যবস্থা করা হয়। রওশান আরা ছাত্তার চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। প্রয়োজনীয় রোগীদের পরে অপারেশন করানো হবে।
চক্ষুচিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে এ রকম মানবিক কাজ আমরা করে যাব। শুধু চক্ষুচিকিৎসাসেবা নয়, সুবিধাবঞ্চিত মানুষদের এমন মানবিক সহায়তা প্রদান করে যাবে বিকে ফাউন্ডেশন।’
দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা এবং বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক বলেন, ‘চোখ মানুষের অমূল্য সম্পদ। মহান স্বাধীনতা দিবসে চক্ষুচিকিৎসাসেবা দিতে পেরে আমরা গর্বিত।’
আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্বাধীনতা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে এ ধরনের সেবামূলক কার্যক্রম মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্যাম্পে উপস্থিত ছিলেন দয়ালনগর বন্ধুসভার সদস্যসচিব আনিছুর রহমান, সদস্য সাইদুর রহমান খান, জুলহাস উদ্দিন, কাজী ইব্রাহিম ও শাহীন।