বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে পাশে প্রবাসী পল্লী গ্রুপ
প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসো মিলি জলধারায় ২.০’ উদ্যাপনে জোরেশোরে প্রস্তুতি চলছে। নিবন্ধনপ্রক্রিয়া শেষে এখন সার্বিক প্রস্তুতির পাশাপাশি চলছে অতিথিদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম।
এর অংশ হিসেবে পুরো আয়োজনের মূল সহযোগী প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমানের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানীতে প্রবাসী পল্লী গ্রুপের প্রধান কার্যালয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিদল।
এ সময় বন্ধুসভার ভালো কাজের প্রশংসা করে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে বন্ধুসভার সদস্যরা স্বেচ্ছাসেবায় যে ভালো কাজগুলো করে যাচ্ছে, এটা প্রশংসনীয়। তাঁদের এই ভালো কাজে সব সময় আমাদের সমর্থন থাকবে। প্রবাসী পল্লী গ্রুপের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। আশা করি বন্ধুসভার সঙ্গে আমাদের এই পথচলা আরও দীর্ঘ হবে।’
বন্ধুসভার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, উপদেষ্টা আশিকুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী, ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সম্পাদক মেঘা খেতান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান ও সংবাদকর্মী বন্ধু শামীমা শাম্মী।
এর আগে গত ১৩ অক্টোবর, প্রথম ধাপে অনুষ্ঠানে আয়োজন সহযোগী হওয়ার প্রস্তাবসহ বন্ধুসভার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বন্ধুসভার আরেকটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও রুবাইয়্যাত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাক আদি, কার্যনির্বাহী সদস্য উম্মে হাবিবা ডায়না এবং ঢাকা মহানগর বন্ধুসভার সদস্য আনিকা তাবাসসুম ও সংবাদকর্মী বন্ধু শামীমা শাম্মী। সেদিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পূর্ণ সহযোগিতার প্রস্তাব গ্রহণ করে বন্ধুসভার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান।