মুক্তিযুদ্ধ চলাকালে লেখা ৮৬টি চিঠির সংকলন ‘একাত্তরের চিঠি’

ঢাকা মহানগর বন্ধুসভার পাঠের আসর শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে লেখা ৮৬টি চিঠির একটি সংকলন ‘একাত্তরের চিঠি’। প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে সংগ্রহ করা চিঠিগুলোর সংকলনটি প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালের মার্চ মাসে। সম্পাদনা পরিষদের সভাপতি অধ্যাপক সালাউদ্দীন আহমদ।

৭ সেপ্টেম্বর বিকেলে বইটি নিয়ে পাঠের আসর করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। রাজধানীর কারওয়ান বাজারে বন্ধুসভার কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‘একাত্তরের চিঠি’ বইটি পাঠ করছেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা
ছবি: বন্ধুসভা

‘একাত্তরের চিঠি’ বইটিতে আছে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তানসহ পরিবারের মানুষকে লেখা চিঠি। আছে মুক্তিযোদ্ধা প্রেমিকের হৃদয় সঙ্গীকে লেখা চিঠি। বাদ নেই মুক্তির লড়াইয়ে সহযোদ্ধা হয়ে থাকা বন্ধুকে লেখা চিঠি। যে চিঠিগুলোতে দৃশ্যমান অবিনশ্বর একাত্তর। জন–ইতিহাস হয়ে ‘একাত্তরের চিঠি’ হয়ে ওঠেছে অন্য যেকোনো সাহিত্যের চেয়ে শক্তিশালী। সংকলিত চিঠিগুলোর অধিকাংশই লেখা হয়েছে মায়ের উদ্দেশে।

পাঠচক্রে উপস্থিত বন্ধুরা বইটি থেকে একটি করে চিঠি পাঠ করেন। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে যান। পাঠচক্রে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান, সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সাফিন উজ জামান, সাধারণ সম্পাদক নাঈমা সুলতানা, দপ্তর সম্পাদক মেঘা খেতান, অর্থ সম্পাদক অনিক সরকার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আরা তিশা, ম্যাগাজিন সম্পাদক আশফাকুর রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা