স্বাধীনতার মান আমাদের রক্ষা করতে হবে

মোংলায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাছবি: বন্ধুসভা

‘মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন ভূখণ্ড ও বাংলা ভাষা। এই স্বাধীনতার মান আমাদের রক্ষা করতে হবে। দেশের প্রয়োজনে নিজেদের প্রস্তুত করতে হবে ও বিশ্ব নাগরিক হতে হবে।’

মোংলায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন মোংলা বন্ধুসভার উপদেষ্টা নূর আলম শেখ। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ উপজেলার চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে মোংলা বন্ধুসভা।

মোংলায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’
ছবি: বন্ধুসভা

চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও উজ্জীবিত করতে সহায়তা করবে এবং আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ কুমার। তিনি মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করেন এবং শিক্ষার্থীদের দেশের সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ শরীফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক–শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় মোংলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় কুইজ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরবিষয়ক দিকনির্দেশনা দেন মোংলা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রদীপ মহলদার। কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কুইজে প্রথম হয়েছে সোহান আকন, দ্বিতীয় সজিবুল ইসলাম, তৃতীয় আই জে নাভা, চতুর্থ মরিয়ম খান, এবং পঞ্চম হয়েছে সানজিদা আক্তার।

আয়োজন বাস্তবায়নে কাজ করেছেন বন্ধুসভার সভাপতি অনিক হোসেন, বন্ধু প্রসেনজিৎ মন্ডল, জাহিদুল ইসলাম, উৎপল হালদার, ফারজানা ইয়াসমিন, আবুল কাশেম, সোহেল খান, আল-আমিন ও বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা।

প্রচার সম্পাদক, মোংলা বন্ধুসভা