কাতারে মানবিকতার বার্তায় বন্ধুসভার চ্যারিটি ফুটবল
খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বাংলাদেশের পিছিয়ে পড়া শিশুদের জন্য এই আয়োজন করেছে কাতার বন্ধুসভা। এতে অংশগ্রহণ করে কাতারপ্রবাসী বাংলাদেশিদের আটটি ফুটবল দল।
৬ ফেব্রুয়ারি রাতে দোহায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আলতাইস ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রাঙ্গুনিয়া ফুটবল ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর বারিকুল ইসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজ সৎপথে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আলমাহমুদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জমির বিন মাহমুদ, রিলায়েন্ট হসপিটালিটির সিইও রেদওয়ান আহমেদ, নিউ স্পেস হসপিটালিটির সিইও বায়েজিদ আহমেদ, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, জিটিভির কাতার প্রতিনিধি এম এ সালাম, জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনি, ব্যবসায়ী ফারুক হাসান, আবদুল গাফফার, মামুন রশিদসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি। তিনি কাতার বন্ধুসভার এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, 'বাংলাদেশের শিশুদের কল্যাণে এমন মহৎ আয়োজন সফল হতে বাধ্য। আশা করি, এই সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
বন্ধুসভার বন্ধুরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে 'সহমর্মিতার ঈদ' কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান তাঁরা। এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। অর্থ সংগ্রহ হয়েছে এক লাখ সত্তর হাজার টাকার বেশি।
কাতার বন্ধুসভার এ আয়োজনে সহযোগিতা করেছে রিলায়েন্ট হসপিটালিটি, মুন দোহা ট্রাভেলস, নিউ স্পেস হসপিটালিটি এবং আলমাহমুদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। টুর্নামেন্টে অংশ নেয় ব্রাদার্স ফুটবল ক্লাব, সিলেট ইউনিটি, এফসি ফেনী, আলতাইস, সাউথ রাঙ্গুনিয়া, মাদারীপুর সিটি, মাইজার এমএফসি ও সিলেট সুপার স্টার। মিডিয়া পার্টনার ছিল কাতারভিত্তিক বাংলা অনলাইন সংবাদমাধ্যম গালফ বাংলা।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট সফল করতে কাজ করেছেন কাতার বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমদ ও বুরহানউদ্দীন, সভাপতি শাকিল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সহসভাপতি আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজিদ, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াসউদ্দীন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, ম্যাগাজিন সম্পাদক গালিফ হাসান, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জনি ও কাজী জামশেদুল হক।
সভাপতি, কাতার বন্ধুসভা