জ্ঞানচর্চা, বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ২৯ আগস্ট বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের পাঠ্যবই ছিল ‘জীবিকার খোঁজে’। বইটির মূল আরবি গ্রন্থের রচয়িতা ইমাম মুহাম্মদ শাইবানি এবং অনুবাদক শাইখ জিয়াউর রহমান মুন্সি। পাঠচক্রে বইটির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জীবিকা অর্জনের ক্ষেত্রে পরিশ্রম, সততা, আত্মনির্ভরতা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব উঠে আসে। একই সঙ্গে জীবিকা অর্জনের সঙ্গে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতি মানুষের দায়িত্ব নিয়েও মতবিনিময় করেন বন্ধুরা।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, একটি সংগঠনের সফলতার জন্য নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে পারলে আগামী দিনে আরও ভালো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জীবিকার খোঁজে’ বইটি আমাদের শুধু উপার্জনের কথা বলে না; বরং কীভাবে দায়িত্বশীল ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করা যায়, সে বিষয়েও ভাবতে শেখায়। বইয়ের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই পাঠচক্রের মূল উদ্দেশ্য। পরিশ্রম ও সততার মাধ্যমে অর্জিত জীবিকাই মানুষের আত্মমর্যাদা বাড়ায়।
বন্ধু নাইমা আক্তার বলেন, পাঠচক্রের মাধ্যমে আমরা একটি বইকে কেন্দ্র করে নিজেদের চিন্তা ও অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাই। নতুন ও পুরোনো বন্ধুদের অংশগ্রহণ আজকের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।
প্রচার সম্পাদক টুটুল সিকদার বলেন, আজকের পাঠচক্র আমাদের নতুন কিছু ভাবতে শিখিয়েছে এবং সাংগঠনিক বৈঠক সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। জ্ঞানচর্চার পাশাপাশি মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে আমাদের পথচলা অব্যাহত রাখতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুর ইসলাম খান, অর্থ সম্পাদক সামিউল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু আফরিন লতা, মিমি আক্তার, মাহমুদুল হাসান, মারুফ হোসেনসহ অনেকে।
পাঠচক্র শেষে সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক ও মানবিক কার্যক্রম, জ্ঞানচর্চামূলক আয়োজন, বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা