রঙিন জামা পেয়ে শিশুদের মুখে খুশির ঝিলিক

ঠাকুরগাঁও বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

১৮ মার্চ। ঘড়ির কাঁটা বেলা ১১টা ছোঁয়নি তখনো। ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির সামনে ভিড় করেছে ছোট ছোট ছেলেমেয়ে। দুটি আলাদা সারিতে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছে ছেলে ও মেয়েরা। তাদের মুখগুলোতে ফুটে উঠেছিল স্নিগ্ধ আনন্দের ঝিলিক। ঈদ উপলক্ষে তারা উপহার পেয়েছে নতুন পোশাক, রঙিন জামা।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এদিন ৭০ শিশুর হাতে নতুন পোশাক তুলে দিয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভা। একই সঙ্গে স্বল্প আয়ের আরও ৮৫টি পরিবারে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, মুরগি, ভোজ্যতেল, লাচ্ছা সেমাই, সাদা সেমাই, ডাল, চিনি, লবণ, গুঁড়া দুধ, মুড়ি, মসলা ও সুগন্ধি সাবান।

শহরের খালপাড়ার শ্রমিক নানার কাছে থাকে শিশু দেলোয়ার হোসেন (৬)। মা-বাবা দুজনই অন্য জায়গায় সংসার পেতেছেন। নতুন জামা পেয়ে বেজায় খুশি দেলোয়ার। সে বলে, ‘কী সুন্দর জামা! ঈদে এটা পরে ঘুরে বেড়াব। খুব মজা হবে।’

আরেক শিশু জান্নাতুল ফেরদৌস (৮) বলে, ‘বাবাকে এবার জামা কিনে দিতে বলছিলাম। বাবা বলেছে টাকা নাই। এখানে একটা নতুন জামা পাইলাম, আর জামা কিনতে লাগবে না। জামাটা আমার খুব পছন্দ হইছে। অন্যরা আমার জামা দেখে তাকায় থাকবে।’

খাদ্যসামগ্রী হাতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা সাজেদা বেগম (৭২)। শহরের কলেজপাড়ায় মেয়ের বাড়িতে থাকেন তিনি। বিভিন্ন বাড়িতে কাজ করতেন। এখন আর পারেন না। সাজেদা বেগম বলেন, ‘রোজার মাসে খুব কষ্ট হচ্ছিল। ঈদের দিন কী খাব, তা নিয়া চিন্তায় ছিলাম। এসব খাবার পায়ে চিন্তা দূর হইল।’

ঠাকুরগাঁও বন্ধুসভার পক্ষ থেকে রঙিন জামা উপহার পেয়ে শিশুদের মুখে খুশির ঝিলিক
ছবি: বন্ধুসভা

এর আগে বন্ধুসভার সদস্যরা ১৫ ও ১৬ মার্চ পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে শিশু ও পরিবারের তালিকা তৈরি করেন। সে সময় সবার হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণের কুপন তুলে দেওয়া হয়। সেই কুপন নিয়ে তাঁরা ঠাকুরগাঁও সরকারি কলেজ চত্বরে হাজির হন। যাঁরা আসতে পারেননি, তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দেন বন্ধুরা।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক নাসরিন জাহান, আরকে স্টেট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ফেরদৌস আরা, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ, ঠাকুরগাঁও মডেল স্কুলের শিক্ষক জবাইদুল স্বপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ফাহমিদা সুলতানা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ফজলে রাব্বি। সঞ্চালনা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব।

ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকায় শিশু আছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের জন্য এই আয়োজন। নতুন জামা হাতে পেয়ে শিশুদের মুখে যখন হাসি ফুটে ওঠে, তখন মনটা ভরে যায়। এই কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই।’

নাসরিন জাহান বলেন, লেখাপড়ার পাশাপাশি বন্ধুসভার সদস্যরা সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন। ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবুর রহমান খান, ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা ওবায়দুল হক স্বপন, মাহবুব রায়হান, সহসভাপতি রাবেয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আলিফ, অর্থ সম্পাদক মিথিলা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হালিমা তুছ সাদিয়া, প্রচার সম্পাদক সিয়ামুর রশিদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহাফুজা ফারিহা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফারহানা ঊর্মি, বন্ধু আল নাফিজ চৌধুরী, নুসরাত জাহান, নিনা আক্তার, মনি আক্তার, তৌফিক তয়ন, রুদ্র মহন্তসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা