মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সড়কে বর্ণিল আলপনা অঙ্কনের আয়োজন করে জেলা প্রশাসন। এতে সহযোগিতা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা।
২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় আলপনা আঁকার কাজ শুরু হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে শিল্পীদের তুলির আঁচড়ে শহীদ মিনার চত্বর রূপ নেয় রঙিন ক্যানভাসে। বিকেলে আলপনা অঙ্কনের কাজ শেষ হয়। এতে অংশ নেন বন্ধু সৈয়দ শিহাব, মাহাফুজা ফারিহা, তন্ময় মোহন্ত, মারুফ হাসান, আল নাফিস চৌধুরী, রেদেলা, সূর্য সিংহ রায়, তামান্না আক্তার প্রমুখ।
ভাষাশহীদদের স্মরণে তাঁরা ফুটিয়ে তোলেন বাংলা বর্ণমালা, শহীদ মিনারের প্রতিকৃতি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ নানা প্রতীকী চিত্র।
ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, ‘আট বছর ধরে এ আলপনা উৎসব হয়ে আসছে। প্রতিবছরই বন্ধুসভার বন্ধুরা এতে অংশগ্রহণ করেন। কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের তৎকালীন জেলা প্রশাসক আবদুর আওয়ালের হাত ধরে। এর পর থেকে প্রতিবছরই অমর একুশের চেতনাকে ধারণ করে শহীদ মিনার প্রাঙ্গণসহ সামনের রাস্তায় আলপনা করে আসছি।’
বন্ধু মাহাফুজা ফারিহা বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়েছে। একুশের চেতনা কেবল একটি দিনের নয়; এটি বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক স্বাধীনতার প্রতীক।’
প্রচার সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা