যশোর বন্ধুসভার পাঠচক্র ও কৃতী সংবর্ধনা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ‘কাবুলিওয়ালা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে যশোর বন্ধুসভা। ৮ আগস্ট বিকেলে প্রথম আলো যশোর অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্নাতকোত্তরে কৃতকার্য বন্ধুসভার তিনজন বন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়।
শুরুতে বন্ধু দিপান্বিতা সিংহ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতা আবৃত্তি করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস।
পাঠ আলোচনায় যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা মোফাজ্জল হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা অন্য যেকোনো কবির চেয়ে আলাদা। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের প্রতিটি শ্রেণি–জাতি–ধর্ম-বর্ণের উপস্থিতি তাঁর লেখায় ফুটে উঠেছে। বিশ্বকবির লেখার মাধ্যমে সমাজের নিম্নবিত্ত থেকে ধনী শ্রেণির জীবনী উঠে এসেছে।’
প্রথম আলোর যশোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মনিরুল ইসলাম বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বন্ধুসভা সারা দেশে স্থানীয়ভাবে পাঠচক্রের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় যশোর বন্ধুসভা বিভিন্ন সময়ে জ্ঞানমূলক বই নিয়ে পাঠচক্র করে আসছে।
আলোচনা আরও অংশ নেন বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ধীমান আল হামি, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়সাল মাহমুদ ও তানজিল আহমেদ।
দ্বিতীয় পর্বে ২০২২-২৩ সেশনের মাস্টার্স ফাইনাল ইয়ারে কৃতকার্য তিনজন বন্ধুকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। কৃতকার্য বন্ধুরা হলেন নুরুন্নবী হৃদয়, ইমন হাসান ও নাহিদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মনিরা খাতুন, দুর্যোগ ও ত্রাণসম্পাদক জাহানারা জ্যোতি, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা ঊর্মি, বন্ধু এশা ইসলাম ও পিংকি খাতুন।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা