‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে ভোলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এক বিশাল মানববন্ধন ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকেলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ভোলা বন্ধুসভা।
মানববন্ধনে তরুণ ছাত্রসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন। অতিথির বক্তব্যে দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকত হোসেন বলেন, ‘মাদক শুধু একটি জীবনকেই শেষ করে না; বরং পুরো একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে হলে কেবল আইনি প্রয়োগ নয়; বরং পরিবার ও সমাজকে সবার আগে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
ভোলা বন্ধুসভার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার জোরালো আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মাদক। এর বিরুদ্ধে পাড়া–মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বন্ধুসভার সদস্যরা মাদকের বিরুদ্ধে নানামুখী সচেতনতামূলক স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ছবিগুলোয় যুবসমাজের কিছু শক্তিশালী বার্তা ফুটে ওঠে—‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘সন্তান কার সঙ্গে মিশছে খোঁজ রাখতে হবে’, ‘মাদক গ্রহণে দৈহিক ও মানসিক ক্ষতি হয়’, ‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’ ইত্যাদি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টারা। সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক নাঈমুর রহমান মানববন্ধনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ভোলা বন্ধুসভা আগামী দিনেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সাধারণ সম্পাদক, ভোলা বন্ধুসভা