নোয়াখালী বন্ধুসভার বই পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পের শিশুরা
শিক্ষার্থীদের নিয়ে নানা উদ্যোগের পাশাপাশি শিশুদের শিক্ষা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ বছর নোয়াখালী বন্ধুসভা বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সেনবাগ উপজেলার গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ৩০ শিশু শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন বন্ধুরা।
উপহারের মধ্যে ছিল বাংলা, ইংরেজি ও গণিতের বইয়ের পাশাপাশি ফুল, ফল, প্রাণী, যানবাহন, সবজি ও কীটপতঙ্গসহ বিভিন্ন বিষয়ের ছবিযুক্ত ও জ্ঞানমূলক বই। নতুন বই হাতে পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ। কেউ বইয়ের পাতা উল্টে দেখছিল, কেউ ছবিগুলো দেখাচ্ছিল বন্ধুদের।
শিক্ষার্থীদের উদ্দেশে নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘বই পড়লে জ্ঞান বাড়ে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, নিয়মিত বই পড়বে এবং ভালো মানুষ হয়ে বড় হবে।’
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা