মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে শরীয়তপুর বন্ধুসভা। ৩১ মার্চ জেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোতালেব মাদবর ও সদস্য সচিব আবদুর রাজ্জাক সরদার বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের সবার জানার পাশাপাশি তা ছড়িয়ে দিতে হবে। কোনোভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে দেওয়া যাবে না।’
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড খুবই ভালো উদ্যোগ। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তবে এই অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।’
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি মুজিবুর রহমান বলেন, ‘আমরা সরাসরি মুক্তিযুদ্ধ না করলেও সহযোগী হিসেবে কাজ করেছি। প্রথম আলো বন্ধুসভার মুক্তিযুদ্ধবিষয়ক অলিম্পিয়াড খুবই প্রশংসনীয়।’
প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সত্যজিৎ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার প্রতিনিধি জাহিদ হাসান, বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক, সাধারণ সম্পাদক তামিম হোসেন, সহসভাপতি ও দীপ্ত টিভির প্রতিনিধি সালাউদ্দিন রুপম, যুগ্ম সাধারণ সম্পাদক সুইটি, সামিয়া আফরিন, হ্যাপি আক্তারসহ অন্যান্য বন্ধুরা।
অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে বিজয়ীদের পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়।
উপদেষ্টা, শরীয়তপুর বন্ধুসভা