প্রখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৫ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা। আলোচনায় উঠে আসে, ‘মা’ শুধু একটি উপন্যাস নয়; এটি শ্রমিক শ্রেণির সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবী চেতনার এক শক্তিশালী প্রতিচ্ছবি। একজন সাধারণ, নির্যাতিত ও ভীতসন্ত্রস্ত মায়ের জীবনে কীভাবে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং তিনি কীভাবে ছেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহসী ও সচেতন হয়ে ওঠেন—তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছেন লেখক।
উপন্যাসটি পাঠকের মনে গভীরভাবে নাড়া দেয়। কারণ, এতে ভালোবাসা, ত্যাগ ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের অনুপ্রেরণামূলক বার্তা রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে ‘মা’ আমাদের শেখায়—সময়ের প্রয়োজনে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘পাঠচক্র কেবল বই পড়ার আয়োজন নয়, এটি চিন্তা, অনুভব ও সমাজকে নতুনভাবে দেখার একটি মাধ্যম। “মা” উপন্যাস আমাদের মানবতা, সাহস ও পরিবর্তনের শক্তিকে উপলব্ধি করতে শেখায়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানজিদা রিয়া, অর্থ সম্পাদক রেহেনা আক্তার, প্রচার সম্পাদক ফজল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অমিত হাসান, বন্ধু ফারিয়া হোসাইন ও তুহিন শুভ্র বসু।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা