সিলেট বন্ধুসভার পাঠের আসরে ‘সুকান্ত রচনাসমগ্র’

সিলেট বন্ধুসভার পাঠের আসরছবি: কৃত্য ছত্রী

বিখ্যাত কবি ও বিপ্লবী সুকান্ত ভট্টাচার্যের লেখা বইয়ের সংকলন ‘সুকান্ত রচনাসমগ্র’। বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ২১ আগস্ট বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর সাহিত্যে বারবার সমাজের শোষিত-বঞ্চিত মানুষদের পক্ষে কথা বলেছেন, গেয়েছেন তাঁদের জয়গান। তাঁর কবিতায় তিনি যেমন প্রকৃতির মাধ্যমে সমাজের শ্রেণিবৈষম্য তুলে ধরেছেন, তেমনই তুলে ধরেছেন তারুণ্যের শক্তি আর তাঁদের সমাজ বদলানোর প্রত্যয়কে।

বন্ধু সাফিউর রহমান কবির ‘ছাড়পত্র’ কবিতাটি আবৃত্তি করেন। তিনি বলেন, ‘কবিতাটি নিয়ে নতুনদের পৃথিবী সুন্দর করতে কবি নিজেদের স্থান ত্যাগ করার কথা বলেছেন। নিজেদের সব অর্জন পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে আর নতুনদের জন্য সমাজকে বাসযোগ্য করে তুলতে পারলেই দুনিয়া আরও বাসযোগ্য হবে।’

সিলেট বন্ধুসভার পাঠের আসর।

বন্ধু প্রানেশ দাস ‘আঠারো বছর বয়স’ কবিতাটি আবৃত্তি করেন। তিনি বলেন, ‘আঠারো বছর বয়স কবিতার মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের জয়গান গেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন তরুণেরাই নতুন সমাজ বিনির্মাণে তাদের সর্বোচ্চ ত্যাগেও কুণ্ঠাবোধ করেন না।’

বন্ধু জামিউল হাসান বলেন, ‘কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমাদের সমাজ নিয়ে ভাবার জন্য বাধ্য করেন। আমাদের সমাজ বিনির্মাণে উদ্যোগী করে তুলতে সাহায্য করেন।’

বন্ধু আজিজুল হাকিম ‘আগামী’ কবিতাটি আবৃত্তি করেন। তিনি কবিতাটি সম্পর্কে বলেন, ‘কবি এই কবিতার একটা গাছের জন্মের মাধ্যমে দেখাতে চেয়েছেন একটা নতুন সমাজ গঠনের জন্য তৈরি হওয়া তারুণ্যের শক্তিকে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, সমরজিৎ হালদার, ফয়সাল আহমেদ, সুবর্না দেব, কৃত্য ছত্রী, সমীর বৈষ্ণব, সাজন বিশ্বাস, শাফিউল, অলোক সরকারসহ অনেকে।

বন্ধু, সিলেট বন্ধুসভা