‘সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেও প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১৮ নভেম্বর দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা।
সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন। শুভেচ্ছা বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, দর্শন বিভাগের শিক্ষক এ বি এম জিল্লুর রহমান এবং গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা ও এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রথম আলো দেশের গণমাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে প্রথম আলো বন্ধুসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা প্রথম আলোর এই ইতিবাচক ও সাহসী পথচলা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা রুমা শাহীন, সাবেক সভাপতি জিসান মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক নেফাউল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার রিমি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাতুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তাওহিদা খন্দকার, বন্ধু ঈশিতা আক্তার প্রমুখ।
আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন গাইবান্ধা বন্ধুসভার সাবেক সভাপতি চুনি ইসলাম, বন্ধু অঙ্কিতা চ্যাটার্জি ও ইরাত জাহান। নৃত্য পরিবেশন করেন আবিদা আমিন ও দিয়া সাহা। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাপতি, গাইবান্ধা বন্ধুসভা