আহমদ ছফা রচিত বিখ্যাত গ্রন্থ ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ২ ফেব্রুয়ারি দুপুরে কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই ‘যদ্যপি আমার গুরু’ বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বন্ধুরা আলোচনা করেন। আলোচনায় উঠে আসে, ‘যদ্যপি’ শব্দের দুটি আভিধানিক অর্থ—যদিও বা একান্তই। ‘গুরু’ শব্দের অর্থ ‘শিক্ষক’। এ ক্ষেত্রে বইয়ের নামের অর্থ হয়, ‘একান্তই আমার শিক্ষক’ কিংবা ‘যদিও আমার শিক্ষক’।
বইয়ের নাম লেখক যদি ‘একান্তই আমার শিক্ষক’ বুঝিয়ে থাকেন, তবে তিনি এর দ্বারা সম্ভবত রাজ্জাক স্যারের প্রতি তাঁর অধিকার স্থাপন করেছেন বা প্রকাশ করেছেন। আর তিনি যদি বইয়ের নামের অর্থ ‘যদিও আমার শিক্ষক’ বুঝিয়ে থাকেন, তাহলে তিনি এর দ্বারা এমন এক সম্পর্ককে বুঝিয়েছেন, যা গুরু-শিষ্যের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে বন্ধুত্ব বা এক অন্য রকম হৃদ্যতার সম্পর্কের জন্ম দিয়েছে।
বইটি পাঠের মাধ্যমে বন্ধুরা জানতে পারেন শিক্ষক ও শিষ্যের মধ্যকার মনোভাব এবং আগেরকার মানুষ কীভাবে তাঁদের মনোভাব প্রকাশ করতেন, তা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা