অপূর্ণ এক প্রেম আর অনন্য জীবনবোধের গল্প ‘ন হন্যতে’

শাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

১৯৩০ সালে ঘটে যাওয়া একটি কাহিনির স্মৃতিচারণা মৈত্রেয়ী দেবীর উপন্যাস ‘ন হন্যতে’। চল্লিশ বছর পর মৈত্রেয়ী দেবীর সাবেক বিচ্ছেদের পুনর্জাগরণ প্রকাশ পেয়েছে এটিতে। যেন আগের সেই দিনগুলো এখনো তাঁর জীবনে অম্রিয়মাণ, স্পষ্টভাবে ভাসছে তাঁর চোখের পাতায়, হাত বাড়ালে এখনো ছোঁয়া যাবে আগের সেই প্রিয় মানুষটিকে।

১ নভেম্বর মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে শাবিপ্রবি বন্ধুসভা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধু মোস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় উপন্যাসটি বর্ণনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়ারমিন আক্তার। তিনি বলেন, ‘বইটির শব্দচয়ন অসাধারণ। লেখকের গভীর জীবনবোধের পরিচয় পাওয়া যায় উপন্যাসটি পড়ে। চঞ্চল, জেদি, অকুণ্ঠ, তরুণী মৈত্রেয়ী কী করে হতাশায় ডুবে ভালোবাসার মানুষটির অভাবে ধীরে ধীরে ধৈর্যশীল, শান্ত আর পরিণত হয়ে ওঠেন, তারই পটভূমি চিত্রিত হয়েছে।’

পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন বন্ধু শাফিনুর ইসলাম, ইয়ারমিন আক্তার, জনি জান্নাত, মোস্তাকিম বিল্লাহ, তৌহিদুল ইসলাম, আফিয়া জাহিনসহ অন্য বন্ধুরা।