গাছের যত্নে নিরাপদ পৃথিবীর স্বপ্ন
‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে এ বছর বৃক্ষরোপণ কার্যক্রমে ৬৩টি বন্ধুসভা অংশ নেয়। এতে ৫৯ হাজার ১৩৪টি গাছ লাগানো হয়। ফলদ ১৭ হাজার ৭৩১টি, বনজ ১৩ হাজার ৯৪, ৯ হাজার ২২টি ঔষধি। এ ছাড়া আরও ১৯ হাজার ২৮৭টি চারা লাগানো হয়।
আগের দিনই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, যাদের বাড়িতে প্লাস্টিকের খালি বোতল রয়েছে, তারা যেন সেগুলো নিয়ে আসে। দুটি পরিত্যক্ত বোতল জমা দিলে বিনিময়ে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে। পরদিন সবাই খালি বোতল নিয়ে স্কুলে হাজির। কেউ কেউ একাধিক বোতলও নিয়ে আসে। সবার মধ্যে উচ্ছ্বাস। স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুলমাঠে জড়ো হয় তারা।
দৃশ্যটি পাবনা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির। চার ধাপে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৭৫৩টি ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে তারা। প্লাস্টিকের খালি বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় একটি করে চারাগাছ। বাকিগুলো বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করেন বন্ধুরা।
সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের দুই পাশে বিস্তীর্ণ মৎস্যঘের। আশপাশে দীর্ঘ পথ ধরে বৃক্ষ নেই। কোনো দুর্ঘটনা ঘটলে হতাহত হওয়ার আশঙ্কা বেশি। এমন অবস্থায় রাস্তার দুই পাশে বিভিন্ন লবণসহিষ্ণু গাছের চারা রোপণ করেছেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা। চারাগুলো যাতে বাতাসে হেলে না পড়ে বা নষ্ট হয়ে না যায়, সে জন্য পাশে বাঁশের চটা দিয়ে ঠেকনা দেওয়া হয়।
‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে শেষ হয়েছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এ কর্মসূচিতে সারা দেশের ৬৩টি বন্ধুসভা অংশ নেয়। বন্ধুসভার সদস্যরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থে এ কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছেন। রোপণ করেছেন ৫৯ হাজার ১৩৪টি গাছ। এর মধ্যে ফলদ ১৭ হাজার ৭৩১টি, বনজ ১৩ হাজার ৯৪, ঔষধি ৯ হাজার ২২টি, অন্যান্য ১৯ হাজার ২৮৭টি। এ ছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ২০ হাজার গাছের চারা দিয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্ধুসভা বৃক্ষরোপণের আগে নগরীর দুটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে সেমিনার। প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকদের আম, কাঁঠাল, হরীতকী, নিম, টগর, তুলসী, হাসনাহেনাসহ মোট ১২ প্রজাতির গাছ উপহার দেওয়া হয়। গাছের সঙ্গে বাংলা, ইংরেজি ও বৈজ্ঞানিক নাম এবং গাছের প্রকৃতিযুক্ত ‘প্ল্যান্ট আইডেন্টিফিকেশন লেভেল’ লাগিয়ে দেন বন্ধুরা। এরপর সবাই মিলে বিদ্যালয়ের আঙিনায় বেশ কিছু গাছ রোপণ করেন।
উদ্যোগের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে এক শিক্ষক বলেন, ‘বিশ্বকে বাঁচাতে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকলে কালকের পৃথিবীটা সত্যিই আমাদের হবে।’
প্রকৃতি ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করে সৈয়দপুর বন্ধুসভা। উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুইজ বিজয়ী ১০০ শিক্ষার্থীকে গাছ উপহার দেওয়া হয়। পরে স্কুল প্রাঙ্গণেও কিছু গাছ রোপণ করেন বন্ধুরা। এ ছাড়া পরিবেশ সচেতনতায় সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে গাছ উপহার দিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বন্ধুসভা।
ছয় পর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম করে নোয়াখালী বন্ধুসভা। এর আওতায় ১ হাজার ৬৬০টির বেশি গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। ড্যাফোডিল বন্ধুসভা বেশ কয়েক ধাপে রোপণ ও বিতরণ করেছে ১ হাজার ৮০০ গাছের চারা। তিন ধাপে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩ হাজার ১০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করে ময়মনসিংহ বন্ধুসভা। এ ছাড়া বিভিন্ন সড়কের পাশে বন্ধুরা চারাগাছ রোপণ করেন।
কর্মসূচির বিষয়ে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘একটি গাছ রোপণের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর বিষয়টি জড়িয়ে আছে। তাই এবার চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সারা দেশের বন্ধুরা যে পরিসরে গাছ লাগিয়েছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা চাই, রোপণ করা প্রতিটি গাছ যত্নে বেড়ে উঠুক এবং সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হোক।’
এ ছাড়া বৃক্ষরোপণ ও বিতরণ করেছে জাতীয় পরিচালনা পর্ষদ, নীলফামারী, মুরারিচাঁদ কলেজ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, চাঁদপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, রাঙ্গুনিয়া, জামালপুর, গাজীপুর, মিরপুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জ, গণ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বরিশাল, সাভার, কুলাউড়া, পটিয়া, কয়রা, দয়ালনগর, সিলেট, দিনাজপুর, কুড়িগ্রাম, বাগেরহাট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাগুরা, রংপুর, যশোর, ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ভোলা, রায়গঞ্জ, মোংলা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, গোয়ালন্দ, কেশবপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানিকগঞ্জ, নড়াইলসহ অন্যান্য বন্ধুসভা।এদিকে চট্টগ্রাম বন্ধুসভা বৃক্ষরোপণের আগে নগরীর দুটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে সেমিনার। প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকদের আম, কাঁঠাল, হরীতকী, নিম, টগর, তুলসী, হাসনাহেনাসহ মোট ১২ প্রজাতির গাছ উপহার দেওয়া হয়। গাছের সঙ্গে বাংলা, ইংরেজি ও বৈজ্ঞানিক নাম এবং গাছের প্রকৃতিযুক্ত ‘প্ল্যান্ট আইডেন্টিফিকেশন লেভেল’ লাগিয়ে দেন বন্ধুরা। এরপর সবাই মিলে বিদ্যালয়ের আঙিনায় বেশ কিছু গাছ রোপণ করেন।