কুড়িগ্রামে বন্ধুসভার বৈশাখী শোভাযাত্রা ও মেলা

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণছবি: বন্ধুসভা

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। মঙ্গলবার সকালে প্রথমে বন্ধুসভার সদস্যরা বৈশাখী সাজে ব্যানার নিয়ে জেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে তাঁরা কুড়িগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের প্রথম আলো চর আলোর পাঠশালায় আয়োজিত বৈশাখী মেলায় যোগ দেন।

মেলায় আলোর পাঠশালার শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা পান্তাভাত ও নানা ধরনের ভর্তার পসরা সাজিয়ে বসেন। পাশাপাশি ছিল নকশিপিঠার দোকান। এ ছাড়া টেপাপুতুল, চুড়ি, খেলনা, মুড়ি-মুড়কি ও জিলাপির দোকান ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শোভাযাত্রার ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বর-কনে, রাখাল, জেলে, তাঁতি এবং কিষান-কিষানির বেশে অংশ নেন।

অনুষ্ঠানে আলোর পাঠশালার শিক্ষার্থীরা আঞ্চলিক বিয়ের গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দুপুরের পর বাংলা ঢোলের তালে শুরু হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা। দূরদূরান্তের চর থেকে আসা লাঠিয়াল দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতা জমে ওঠে। এ ছাড়া যুবকদের জন্য হাডুডু ও দাঁড়িয়াবান্ধা খেলার আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান। এ সময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য তবিজন বেগম, প্রথম আলো প্রতিনিধি জাহানুর রহমান, প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদের, বন্ধুসভার সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, বন্ধুসভার বন্ধু স্বর্ণ, আরিফুল হক, জিয়ন, কাওসার, রাইতুলসহ অনেকে।

প্রথম আলো চর আলোর পাঠশালায় বৈশাখী মেলা
ছবি: বন্ধুসভা

প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, এই আয়োজনকে কেন্দ্র করে দূরদূরান্তের চরের মানুষ একত্র হয়েছেন এবং লাঠিখেলার মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় অংশ নিয়ে মেলাকে সর্বজনীন করে তুলেছেন।

কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান বলেন, শহরের বাইরে চরের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন বৈশাখ উদ্‌যাপনকে আরও প্রাণবন্ত করেছে এবং সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দিয়েছে।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা