‘বন্ধুসভা তরুণদের স্বপ্নকে লালন করে’

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিশেষ সাংগঠনিক সভাছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক উপলক্ষে বিশেষ সাংগঠনিক সভা করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০৬ নম্বর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও বন্ধুসভার উপদেষ্টা নূর নবী রাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার কো–অর্ডিনেটর সারোয়ার হোসাইন ইসলাম এবং কার্যনির্বাহী কমিটি-২০২৫–এর সভাপতি অংকন তঞ্চঙ্গ্যাসহ নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত বন্ধুরা।

উপদেষ্টা নূর নবী রাজ বলেন, ‘বন্ধুসভা তরুণদের স্বপ্নকে লালন করে। নতুন নেতৃত্ব তৈরি করে। সারা দেশে বন্ধুসভার কার্যক্রম অত্যন্ত চমৎকার। আমরা গত বছরে বেশ কিছু কাজ করেছি সফলতার সঙ্গে। এবারও তার ধারাবাহিকতা থাকবে ইনশা আল্লাহ।’

উপদেষ্টা সারোয়ার হোসাইন ইসলাম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো কঠিন কাজ সহজেই করতে পারি। আপনারা সব সময় নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। একসঙ্গে কাজ করলে, যেকোনো অসম্ভাবনাময় পরিস্থিতি সহজ হয়ে যায়।’

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিশেষ সাংগঠনিক সভা।

এর আগে সাধারণ সম্পাদক তরিকুল সানির শুভেচ্ছা বক্তব্যের পর সাবেক সভাপতি অংকন তঞ্চঙ্গ্যা ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা গত বছরের সফলতা ও দুর্বলতা তুলে ধরেন এবং নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান।

নবনিযুক্ত সভাপতি সাইফুল ইসলাম সবাইকে অভিনন্দন জানিয়ে বাৎসরিক পরিকল্পনা উপস্থাপন ও আসন্ন ঋতু উৎসবের বাজেটের খসড়া উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বন্ধুসভা দেশের মানুষের জন্য কাজ করে। সমাজের ইতিবাচক উন্নয়নে পাশে থাকে। তাই সবাইকে দেশের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সাবেক অর্থ সম্পাদক কামরুন নাহার তাঁর সব দায়িত্ব নবনিযুক্ত অর্থ সম্পাদক তানিয়া আক্তারকে বুঝিয়ে দেন। সাংগঠনিক সম্পাদক ফারাবী আনাছ প্রজেক্টরের মাধ্যমে গত বছরের সব অনুষ্ঠানের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেন। নতুন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে অন্য বন্ধুরাও সন্তুষ্টি প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা