জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন পাঠচক্র। পাঠচক্র এমন একটি বিষয়, যেখানে পূর্বনির্ধারিত একটি বই বন্ধুরা পড়ে আসেন। এরপর সবাই সবার চিন্তাশীল আলাপ, দর্শন, উপলব্ধি ও বই–সম্পর্কিত তথ্য তুলে ধরেন। আমাদের চিন্তার উন্মেষ ঘটতে পারে বই পড়ার মাধ্যমেই। এই পৃথিবী, পৃথিবীর মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বই পড়ার বিকল্প নেই। বই পড়া আমাদের নিজেদের চিনতে সাহায্য করে। আমাদের মধ্যকার যে শক্তির সঞ্চার জমে থাকে, সেগুলো প্রস্ফুটিত করতে সাহায্য করে।
সাপ্তাহিক পাঠের আসরের এবারের বিষয় ছিল লেখক আহমদ ছফার ‘বাঙালি মুসলমানের মন’ বইটি। ৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।
আহমদ ছফা এই বইটিতে তুলে ধরেছেন বাঙালি মুসলমানদের বিভিন্ন দিক। কেন ও কীভাবে আমরা বাঙালি মুসলমান আলাদা, আমাদের চিন্তাচেতনা, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান–বিষয়গুলোকে কীভাবে দেখি আর কীভাবে দেখতে চাই। বাঙালির নিজস্বতা থাকা সত্ত্বেও কেন আমরা অন্য দেশের সংস্কৃতিকে অনুকরণ করি; সেই সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দিয়েছেন কালচারাল হেজিমনির সঙ্গে।
বাঙালিরা সমজাতীয় হওয়া সত্ত্বেও কেন আমাদের মধ্যে এত বিভাজন—এসব বিষয়ে আলোকপাত করেছেন আহমদ ছফা এই প্রবন্ধ গ্রন্থটিতে। তিনি দেখিয়েছেন, কীভাবে বাঙালি মুসলমান নিজ স্বার্থ ও প্রয়োজন অনুসারে নিজেদের রূপান্তরিত করে।
পাঠচক্র শেষে অনুষ্ঠিত হয় গান, আড্ডা ও চা-চক্র। গান পরিবেশন করেন বন্ধু সারাহ, রিজু, নাফিসা, দীপ ঘোষ ও নওরীন। হারমোনিয়াম ও তবলার তালে সুরেলা কণ্ঠে তাঁরা ফোক, দেশীয় ও পছন্দসই বিভিন্ন গান গেয়ে শোনান। অন্যরাও তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান।
কার্যকরী সদস্য, জাবি বন্ধুসভা