‘সোনার কেল্লা’ উপন্যাস নিয়ে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র
সত্যজিৎ রায়ের লেখা উপন্যাস ‘সোনার কেল্লা’ পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৫ আগস্ট বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এ আসর বসে।
‘সোনার কেল্লা’ হলো বিখ্যাত বাঙালি লেখক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় রচিত উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালে (১৩৭৮ বঙ্গাব্দ) শারদীয়া ‘দেশ’ পত্রিকায়। পরবর্তী সময় ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই এটি আনন্দ পাবলিশার্স থেকে বই আকারে প্রকাশিত হয়।
পাঠ আলোচনায় সাধারণ সম্পাদক রাহাত মাঝি বলেন, বকুল নামের একটি ১০ বছর বয়সের ছেলে দাবি করে যে তার পূর্বজন্মের কথা মনে আছে। সে রাজস্থানের একটি সোনার কেল্লার কথা ও সেখানে লুকিয়ে রাখা রত্ন-সম্পদের ছবি আঁকে। এ রহস্যময় ঘটনায় মুকুলকে নিয়ে রাজস্থানের উদ্দেশে রওনা হন ডক্টর হাজরা। তার পিছু নেন ফেলুদা ও তপেশ। গল্পে লালমোহন বাবু বা জটায়ু চরিত্রটির প্রথম আবির্ভাব ঘটে, যা পুরো যাত্রাকে আরও আনন্দদায়ক করে তোলে।
সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির বলেন, প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ফেলুদা, তাঁর বিশ্বস্ত সহচর ও বর্ণনাকারী তপেশ এবং হাস্যরসাত্মক জটায়ুর রসায়ন গল্পটিকে জীবন্ত করে তুলেছে।
বন্ধু মোহনা আক্তার বলেন, ‘রাজস্থানের মরুভূমি ও ঐতিহাসিক কেল্লাগুলোর নিখুঁত বর্ণনা আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। সত্যজিৎ রায়ের লেখালেখির ধরন তার সিনেমার মতোই স্পষ্ট ও ঝরঝরে।’
সভাপতি শাকিল রনি বলেন, পুনর্জন্মের মতো একটি জটিল বিষয়কে লেখক অত্যন্ত সহজ ও আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করেছেন।
‘সোনার কেল্লা’ উপন্যাস নিয়ে আলোচনা শেষে আলোচকদের মধ্যে থেকে সেরা তিন বন্ধুকে দেওয়া হয় বই উপহার। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সোহান খান, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, কার্যনির্বাহী সদস্য সাহারিয়ার পাপন, বন্ধু সাকিব খান, সোনিয়া আক্তার, মো. রাকিব, ঋতু আক্তার, সিমান্ত দত্তসহ অন্য বন্ধুরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা