মাদককে না

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখায়ছবি: বন্ধুসভা

‘আজকের এই কর্মসূচি আপনাদের মধ্যে সচেতনতার আলো ছড়াবে। কোনো শিক্ষার্থী যেন আবেগের তাড়নায় মাদক গ্রহণ না করে। আপনাদের কাছে বর্তমানে দুটি লিফলেট রয়েছে। এগুলো পড়লে মাদকের ভয়াবহতা ও এর নিরাময়ের উপায় সম্পর্কে জানতে পারবেন। আমাদের সবার উচিত, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করা। আপনাদের আশপাশে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাবেন।’

দিনাজপুর বন্ধুসভার মাদকবিরোধী সেমিনারে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক মো. আবদুর রহমান। ৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুরের সহযোগিতায় সদর উপজেলার চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিল সচেতনতামূলক লিফলেট বিতরণ ও কুইজ প্রতিযোগিতা।

মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ
ছবি: বন্ধুসভা

সেমিনারের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে দুটি করে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট, শিক্ষাসামগ্রী, স্ন্যাকস ও লাল কার্ড তুলে দেওয়া হয়। দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিনের সঞ্চালনায় শুরুতে আমন্ত্রিত অতিথিদের করতালির মাধ্যমে স্বাগত জানায় শিক্ষার্থীরা। অতিথিরা আসন গ্রহণের পর সঞ্চালক ঘোষণা দেন মনোযোগী সেরা পাঁচজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

এরপর শুরু হয় কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তরপর্ব। শিক্ষার্থীদের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিক পুরস্কার হিসেবে জ্যামিতি বক্স দেওয়া হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কুইজ ও প্রশ্নোত্তরপর্বে ২৪ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে পুরস্কার অর্জন করে। বিজয়ীরা হলো—মাহামুদুল হাসান, তাওহিদ নাহিদ, জুনাইদ ইসলাম, ফরাদ হোসেন, সাবিনা আক্তার, সোহেব হোসেন, ফুয়াদ ইসলাম, সাজিদ হাসান, রিমা খাতুন, সোহান মিয়া, মো. ইসমাইল, আবদুল ফরিদ, মরসালিন ইসলাম, অপূর্ব সাহা, স্বচ্ছ রায়, মো. আবদুল্লাহ, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, সুফিয়া আক্তার, শিমলা, রিয়াদ হোসেন, ওকিফা আক্তার ও ওয়াসি ইসলাম।

দিনাজপুর বন্ধুসভার মাদকবিরোধী সচেতনতা
ছবি: বন্ধুসভা

দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক বিশ্বজিৎ দাস বলেন, ‘আমাদের সবাইকে সব সময় ভালো কাজ করতে হবে। এ জন্য প্রথম আলো বন্ধুসভার মতো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সংগঠনের সঙ্গে কাজ করার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। আমাদের মানুষের উপকার করতে হবে। যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো।’

এ ছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইয়াসিন আলী ও লিটু চক্রবর্তী। তাঁরা বলেন, ‘একজন মানুষ যত বেশি ভালো কাজ করবে, ততই মাদক থেকে দূরে থাকবে।’

বন্ধুসভার এই আয়োজনের অংশ হতে পেরে শিক্ষার্থীরাও খুশি। নবম শ্রেণির শিক্ষার্থী রিমা খাতুন বলে, ‘আমাদের স্কুলে আপনারাই প্রথম এ ধরনের আয়োজন করেছেন। এর আগে কেউ এমন আয়োজন করেনি। কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।’

অতিথিদের সঙ্গে কুইজে বিজয়ী শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

দশম শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ হাসান বলে, ‘আজকের আলোচনার মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পেরেছি। মাদকের ক্ষতিকর প্রভাব যেন আমার ব্যক্তিজীবনে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকব। আবেগের বশবর্তী হয়ে কখনো মাদক গ্রহণ করব না।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা একযোগে ‘মাদককে না’ স্লোগান দিয়ে হাতে থাকা লাল কার্ড প্রদর্শন করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমান শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।

সবশেষে বন্ধুসভার স্বেচ্ছাসেবী বন্ধুরা সেরা পাঁচজন মনোযোগী শিক্ষার্থীকে খুঁজে বের করেন এবং তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা