বিভিন্ন এতিমখানায় চাল ও সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার

দক্ষিণ উজানচর মঙ্গলপুর সামছুল উলুম হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাজবাড়ী বন্ধুসভার ঈদ উপহারছবি: প্রথম আলো

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী বন্ধুসভার সদস্যরা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ৭৫০ কেজি চাল প্রদান করেছেন। পাশাপাশি দুই শতাধিক মানুষের মধ্যে নতুন কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ উপহার দিয়েছেন। এক সপ্তাহ আগে এই কার্যক্রম শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়েছে। এ ছাড়া ঈদের আগপর্যন্ত সুবিধাবঞ্চিতদের ঈদবাজার দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে ১৯৬৪ সালে দক্ষিণ উজানচর মঙ্গলপুর সামছুল উলুম হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত। মোহতামিমসহ ৪ জন শিক্ষক এবং ৪০-৪৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি মাসে প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ হয়। হাতে গোনা কয়েকজনের নিয়মিত অনুদান ছাড়া ব্যয়ের পুরোটায় এলাকাবাসী বহন করেন।

প্রতিষ্ঠানটির মোহতামিম হাফেজ নূরুল আমিন মিয়া প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধির সঙ্গে সমস্যা বিনিময় করলে সিদ্ধান্ত নেওয়া হয় সহমর্মিতার ঈদের একটি অংশ প্রতিষ্ঠানে প্রদান করা হবে। এর আগেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে বন্ধুসভার উপদেষ্টা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন আক্তার তাঁর বেতন-বোনাসের পুরোভাগ এবং বন্ধুসভার সদস্য সিঙ্গাপুরপ্রবাসী এয়াকুব হোসেন অপু মিয়ার আর্থিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনুদান পৌঁছে দেওয়া হয়।  

তারই ধারাবাহিকতায় হাজী দুদুখানপাড়া হাকিমিয়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব উজানচর হামিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, রাজবাড়ী সদরের বাইতুল উজ্জত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং বরাট দেওয়ান ইছহাক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৭৫০ কেজি চাল উপহার দেওয়া হয়।

বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ৭৫০ কেজি চাল উপহার দিয়েছে রাজবাড়ী বন্ধুসভা
ছবি: প্রথম আলো

এ ছাড়া রাজবাড়ী সদর উপজেলার বরাট, পাচুরিয়া, উড়াকান্দাসহ গোয়ালন্দ উপজেলার উজানচর, ছোটভাকলা, দৌলতদিয়াসহ বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান, ১০০ নারীকে নতুন শাড়ি কাপড় এবং ১৫ জনকে লুঙ্গি প্রদান করা হয়। সর্বসাকল্যে দেড় লক্ষাধিক টাকার অনুদান দেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নে প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক, সিঙ্গাপুরপ্রবাসী এয়াকুব হোসেন অপু, জাহিদুল ব্যাপারী, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সুরাজিৎ চক্রবর্তী, সহসভাপতি হেলাল মাহমুদ, সেলিম খান, সোহেল রানা, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি শেখর আহম্মেদ, জীবন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সফিক মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক, আব্দুর রহমান, রাজা ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফেজ নূরুল আমিন মিয়া বলেন, ‘বন্ধুসভার সদস্যরা মাঝেমধ্যে সহযোগিতা করে থাকেন। এ বছর চাল প্রদান করায় অনেক উপকার হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে প্রায় আড়াই মন চাল লাগে। শিক্ষকদের বেতনসহ ৭০-৭৫ হাজার টাকা খরচ জোগাতে অনেক বেগ পেতে হয়। বন্ধুসভার কর্মকাণ্ড আমাদের অনেক অনুপ্রাণিত করে।’

বরাট দেওয়ান ইছহাক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের শিক্ষকদের বেতন দিতে গিয়ে হিমশিম খেতে হয়। বন্ধুসভা থেকে চাল দেওয়ায় খাবার খরচ অনেকটা উঠে আসবে। এর আগে শীতের সময় শীতবস্ত্র দিয়েছে। বন্ধুসভার এমন ভালো উদ্যোগ অনেক প্রশংসনীয়। আশা করি, তাদের এ কর্মকাণ্ড ধারাবাহিক থাকবে।’

রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সুরাজিৎ চক্রবর্তী ও গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন বলেন, ‘সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়নে রাজবাড়ী এবং গোয়ালন্দের বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে দেড় লক্ষাধিক টাকার চালসহ আর্থিক অনুদান ও নতুন শাড়ি-কাপড় বিতরণ করেছি। ঈদের আগে কিছু পরিবারকে ঈদবাজার দেওয়া হবে।’