‘একটি রঙিন জামা, এক টুকরো হাসি’ স্লোগানে ফেনীতে ঈদের আনন্দ উদ্যাপনে বন্ধুসভার নতুন জামা উপহার পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। পাশাপাশি তাদের পরিবারকে দেওয়া হয়েছে ঈদের খাদ্যসামগ্রী। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর আশ্রয়ণ ও আবাসন প্রকল্প ঈদগাহ মাঠে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
বন্ধুসভার বন্ধু, উপদেষ্টা ও সুহৃদদের অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সিফাত বলে, ‘আন্ডা এখানে অনেকেই আইয়ে। কম্বল দেয়, বড়দের শাড়ি-লুঙ্গি দেয়, তবে আন্ডা শিশুদের কখনো কেউ কিছু দেয় না। আজ্জাইয়া প্রথম কিছু হাইছি।’
৯ বছর বয়সী আবদুল্লাহ আল নোমান বলে, ‘আমি ধর্মপুর মোহাজের কলোনি সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ঈদে পড়ার মতো আমার কোনো নতুন জামা ছিল না। আপনাদের এই নতুন জামা পেয়ে আমি ঈদ করতে পারব।’
প্রবীণ নারী জান্নাতুল সোলতানা বলেন, ‘বয়সের কারণে কোনো কাজকর্ম করতে পারি না। ঘরেত্তে কোনো নতুন শাড়িও নাই ঈদে পরমু। আপনাগো শাড়ি পরে এবার ঈদ করতাম হারমু।’
প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম জানান, আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের শিশুদের নতুন জামার পাশাপাশি বৃদ্ধা নারী ও প্রতিবন্ধীদের নতুন শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে।
ফেনী বন্ধুসভার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি সারা দেশে একযোগে করা হচ্ছে। এতে করে সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক সেতুবন্ধন তৈরি হচ্ছে। বিগত কয়েক বছরের চেয়ে এবার বড় আকারে এই আয়োজন করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে ফুলগাজীর একটি এতিমখানা মাদ্রাসার ১৭টি এতিম শিশুকে সেলাই করা নতুন পাঞ্জাবি ও পায়জামা দেওয়া হবে।
সাধারণ সম্পাদক দীপংকর রায় চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, ব্যবসায়ী শেখ নুর উদ্দিন চৌধুরী, ফেনী ডায়াগনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন উর রশিদ, জাসাস ফেনী জেলা শাখার সভাপতি কাজী ইকবাল আহমদ, ফেনী লেখক ফোরামের সভাপতি নুরুল আমিন হৃদয়, ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ধর্মপুর আবাসন প্রকল্প কমিটির সভাপতি জসিম উদ্দিন, বন্ধুসভার সদস্য কামরুল জামান মজুমদার, সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, তন্ময় নাথ টিটু, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, সহসাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক আবুল হাসানসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা