ডেঙ্গু হলে কোনো অবস্থাতেই ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইনছবি: দ্বীপ মন্ডল

ডেঙ্গু নামের ব্যাধিটি আমাদের ঘরে ঘরে হানা দিচ্ছে। কেড়ে নিচ্ছে স্বজনদের মুখের হাসি, আর হাসপাতালগুলোকে করে তুলছে অস্বস্তিকর পরিবেশ। ভৌগোলিক কারণে এবং বর্তমান আবহাওয়ার পরিবর্তনে আমাদের বিভাগ ও জেলা আজ ডেঙ্গুর অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন আলোচকেরা। ২২ সেপ্টেম্বর সকালে রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচি হয়।

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।

সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় কার্যক্রমের উদ্বোধন করেন রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব রহমান। তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার দীর্ঘশ্বাসকে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। পরিষ্কার–পরিছন্নতায় সচেতনতা ও করণীয় বিষয়গুলো শিক্ষার্থীদের মেনে চলার চেষ্টা করতে হবে।’

আলোচক হিসেবে ছিলেন চিকিৎসক বন্ধু সিয়াম ফিরদাউস। তিনি শিক্ষার্থীদের সামনে ডেঙ্গুর মূল কারণ, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরে কী ধরনের জটিলতা ও দুর্বলতা তৈরি হতে পারে এবং সে ক্ষেত্রে কী করণীয়, তা জানান।

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।

সিয়াম ফিরদাউস বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথম ও প্রধান কাজ হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা। সে জন্য ঘরের ভেতরে কিংবা আশপাশে ফুলের টব, টায়ার বা যেকোনো পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং শরীর ঢাকা পোশাক পরতে হবে। জ্বর হলে সাধারণ ঠান্ডা-কাশি মনে করে অবহেলা না করে প্রথম দিনই ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। আক্রান্ত রোগীকে পূর্ণ বিশ্রামে রেখে প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি ও স্যালাইনের মতো তরল খাবার খাওয়ানো এবং জ্বর কমানোর জন্য চিকিৎসকের পরামর্শে শুধু প্যারাসিটামল দিতে হবে; কোনো অবস্থাতেই যেন কোনো ব্যথানাশক ওষুধ খাওয়ানো না হয়।

সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হয় রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত মন্ডল ও তাহমিনা আক্তার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজুল ইসলাম ও স্মৃতিকনা দাসসহ অনেকে।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা