মাগুরায় ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে প্রথম আলো বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৮ মার্চ শহরের ইসলামপুরপাড়া এলাকায় বন্ধুসভার কার্যালয়ে ২০টি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, গুঁড়া দুধ, চিনি ও গরমমসলা। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষগুলো। উপহার নিতে আসা গৃহপরিচালিকা নুরজাহান বেগম বলেন, ‘এই উপহার দিয়ে সবার এক দিনের খাবার হয়ে যাবে। এটাও কম কিসে! বর্তমান বাজারে এটুকু সাহায্যও আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
আরেকজন সুবিধাভোগী জান্নু শেখ বলেন, ‘এ বছর কারও কাছ থেকে তেমন কিছু পাইনি। এই প্রথম ঈদ উপলক্ষে উপহার পেলাম। আমাদের কথা কেউ ভেবেছে দেখে ভালো লাগছে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা বন্ধুসভার সভাপতি এম মাহবুবুল আকবর, সাধারণ সম্পাদক ফারহানা সুলতানা, কার্যনির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান।
বন্ধুসভার সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে আরও বেশিসংখ্যক মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
সাধারণ সম্পাদক, মাগুরা বন্ধুসভা