আদর্শ শিক্ষকের হাত ধরেই সমাজ বদলের নেতা তৈরি হয়

বিশ্ব শিক্ষক দিবসে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আয়োজনছবি: বন্ধুসভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কেটে, বই ও কলম উপহার এবং ফুল উপহার দিয়ে শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৫ অক্টোবর বিকেলে শহরের জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। একজন আদর্শ শিক্ষকের হাত ধরেই সমাজ বদলের নেতা তৈরি হয়। কেননা, শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের পড়াই পড়ান না, তাঁরা মানবিকতা, সততা, সহমর্মিতা, আদর্শগত শিক্ষাও দেন। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের ওপর অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। নানাভাবে অপদস্থ করা হচ্ছে। আমরা আশা করি, এ ধরনের নষ্ট পরিবেশ দ্রুত দূর হয়ে সামাজিকতা ফিরে আসবে। যেখানে থাকবে না কোনো হিংসা, স্বার্থযুক্ত মনোভাব ও মবের রাজত্ব। এক সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে উঠবে শিক্ষকদের হাত ধরে।’

অনুষ্ঠান শেষে শিক্ষকদের নিয়ে কেক কাটা হয়
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কাউট সংগঠন চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা শিক্ষক মুশফিকুর রহমান, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, আমিনুল ইসলাম, আয়েস উদ্দিন, শিক্ষক আনিফ রুবেদ, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, সহকারী শিক্ষক নয়ন আহমেদ, বন্ধুসভার বন্ধু মো. শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান ও সাবরিন আখতার, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদস্য তাথৈসহ অন্যরা।  

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা